গাইবান্ধায় বিএনপি-জামায়াতের নৌকায় ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-৪ আসনে (গোবিন্দগঞ্জ) নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ মনোয়ার হোসেনকে ভোট দিয়েছেন স্থানীয় বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মী।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মণ্ডল জানান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) মামলা দিয়ে বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মীকে হয়রানি করেছেন। তাই তাঁকে ঠেকাতে নৌকায় তাঁদের অনেকে ভোট দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের দাবি, তিনি বিএনপি-জামায়াতকে এলাকায় সহিংসতা করতে দেননি। তাই তাঁরা নৌকায় ভোট দিচ্ছেন। আর ভোট পেয়ে লাভবান সাংসদ মনোয়ার হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনেছেন।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, এই আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ঠেকাতেই বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মী নৌকায় ভোট দিয়েছেন। অন্যদিকে মনোয়ার হোসেন অভিযোগ করেছেন, এখানে ভোট ডাকাতি করেছেন আবুল কালাম আজাদ।

গাইবান্ধা-৪ আসনে নির্বাচনের ১৩০টি কেন্দ্রের মধ্যে গত ৫ জানুয়ারি ৫৮টির ফলাফল ঘোষণা করা হয়। তাতে আনারস প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ ৫৯ হাজার ৮৬২ ভোট পান। আর নৌকা প্রতীক নিয়ে বর্তমান সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী পান ১৮ হাজার ৮০৬ ভোট। আজ স্থগিত ৭২টি কেন্দ্রে ভোট হয়। এই কেন্দ্রগুলোর ভোটার দুই লাখ ৭৭। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৭২টির বেশির ভাগ কেন্দ্রেই এগিয়ে আছেন মনোয়ার হোসেন।

গাইবান্ধা-৪ আসনের গোবিন্দগঞ্জের একটি ভোটকেন্দ্র তালুক কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকেলে এই কেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো লাইন দেখা গেল না। একজন-দুজন করে নারী ভোট দিয়ে বেরিয়ে আসছেন। এই কেন্দ্রের মোট ভোটার এক হাজার ৯৯০। ঘণ্টাওয়ারি হিসাব নিয়ে জানা গেল, সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছিল ৩২টি। সকাল ১০টায় সেটি ছিল ৮১টি, দুপুর ১২টায় ৩২১টি, সাড়ে ১২ টায় ৫৩০টি এবং বেলা আড়াইটায় ৬৯৫টি।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাধন কুমার সরকার জানালেন, প্রচণ্ড ঠান্ডার কারণে সকালে অনেক কম ভোটার ছিল। তবে রোদ ওঠার পর দুপুর পৌনে ১২টার দিকে অনেক ভোটার আসতে থাকেন। এরপর আড়াইটা পর্যন্ত অনেক ভিড় ছিল। একই অবস্থা জানালেন পাশের তালুক কানুপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাও। ওই স্কুলমাঠেই কথা হয় বৃদ্ধ মোছলেম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আজকে ভোটের যে পরিবেশ সেই পরিবেশ যদি ৫ জানুয়ারি থাকত, তাহলে অনেক ভালো হতো।’ তাঁকে সমর্থন জানালেন মোকছেদ খান, আলী, রহমতসহ আরও কয়েকজন। তাঁরা জানালেন, কেবল আওয়ামী লীগের কর্মী নয়, বিএনপি-জামায়াতের অনেকে এসেও আজকে ভোট দিচ্ছেন। এর কারণ কী? জানতে চাইলে তাঁরা বলেন, ‘বর্তমান সাংসদ মনোয়ার হোসেন এলাকার এত বেশি উন্নয়ন করেছেন যে বিএনপি-জামায়াতের অনেক কর্মী তাঁর নৌকা প্রতীকে ভোট দিচ্ছে।’

তবে কারণটা ভিন্ন বলে জানালেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দুপুরে গোবিন্দগঞ্জের কোমরপুর চৌমাথা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি ‘প্রথম আলোকে’ বলেন, ফেব্রুয়ারির পর থেকে গাইবান্ধার সবকটি উপজেলায় জামায়াত-শিবির সহিংসতা চালালেও তিনি এখানে কোনো সহিংসতা চালাতে দেননি। আর সে কারণেই তাঁকে ঠেকাতে জামায়াত-বিএনপি বর্তমান সাংসদকে ভোট দিচ্ছে।

নৌকা প্রতীকে বিএনপি-জামায়াতের কর্মীদের ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামলা দিয়ে বিএনপি-জামায়াতের অনেক নেতা-কর্মীকে হয়রানি করেছেন। এ কারণে ক্ষুব্ধ আমাদের কয়েকজন নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে এই সংখ্যা খুব বেশি নয়।’

গোবিন্দগঞ্জের বর্তমান সাংসদ মনোয়ার হোসেন অভিযোগ করে ‘প্রথম আলো’কে বলেছেন, ‘আবুল কালাম আজাদের নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে। তিনি সেই বাহিনী দিয়ে ৫ জানুয়ারি ৫৮টি কেন্দ্রের মধ্যে ৪৭টির দখল নিয়ে নেন। এরপর একচেটিয়াভাবে আনারসের পক্ষে সিল মারেন। সারা দেশে ৩৯ শতাংশ ভোট পড়লেও গোবিন্দগঞ্জের ওই ৪৭টি কেন্দ্রে আনারস মার্কায় ৯৭ ভাগ ভোট পড়েছে। আমি ভোটের দিন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। এ ছাড়া নির্বাচন কমিশনেও আমি অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো কোনো ফল পাইনি।’

মনোয়ার হোসেন বলেন, ‘বিপুলসংখ্যক বিজিবি-র‌্যাব-পুলিশ-সেনবাহিনীর সহায়তায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। এ কারণে আজ কেউ ভোট ডাকাতি করতে পারেনি। আজকে যে ৭২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে তাতে আমি সাত হাজার ভোটে এগিয়ে আছি। এর দ্বারাই প্রমাণিত হয় সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হতাম।’ 

তবে আবুল কালাম আজাদ এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, ‘বর্তমান সাংসদের বিরুদ্ধে দলের লোকজন সবাই ক্ষুব্ধ। তারা ছয় ভাই মিলে এলাকায় লুটপাট চালিয়েছে। এসব কারণে জনগণই আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।’