গাইবান্ধায় বিএনপির সভাপতিসহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলা মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে জেলা বিএনপির সভাপতি আনিছুজামান খান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা মোরশেদ হাবীব, জেলা জামায়াতের আমীর আব্দুর রহিম সরকার ও পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান (বরখাস্ত) জামায়াতের নেতা নজরুল ইসলামসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে।

গত ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেওয়া হলেও আজ রোববার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলার সপক্ষে কাগজপত্র সংগ্রহ এবং আসামিদের শনাক্ত করতে বিলম্ব হয়। এর ফলে অভিযোগপত্র দিতে বিলম্ব হয়েছে। তিনি বলেন, গত ২৫ মার্চ গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দেওয়া হয়।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নাপু পরিবহনের একটি বাস পুলিশ পাহারায় ঢাকার পথে রওনা দেয়। বাসটি রাত সোয়া ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ আটজন নিহত ও অন্তত ৪০ জন দগ্ধ হয়। এই ঘটনায় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে পরের দিন ৬০ জনের নাম উল্লেখ করে ও ২৮ থেকে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করেন।