গাইবান্ধায় বেদখল হচ্ছে রেলওয়ের জায়গা
সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধা রেলস্টেশনের আশপাশের জায়গা রাতারাতি বেদখল হয়ে যাচ্ছে। রেলপথের দুই ধারে গড়ে উঠছে দোকানপাট। রেলের পুকুর দখল করে চলছে পাকা ভবন নির্মাণ।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জায়গা দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। তবু অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।
গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের ১২ একর ১০ শতক কৃষিজমি, ছয় একর ৪৮ শতক জমিতে আটটি পুকুর রয়েছে। এ ছাড়া হকার্স মার্কেট ও গোডাউন রোডে রেলওয়ের ৩২০টি দোকান ইজারা দেওয়া রয়েছে।
স্থানীয় লোকজন জানান, এক মাস আগে রেলস্টেশনের দক্ষিণ রেলক্রসিং এলাকায় পুকুরের অর্ধেক ও রেলপথের অর্ধেক জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের ভিত্তি দেওয়া হয়েছে। এ ঘটনায় রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তা আবদুল আজিজ বাদী হয়ে গত ২৬ মার্চ সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দখলদার বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওই জায়গায় ভবন নির্মাণ কাজ শুরু করা হয়।
রেলক্রসিং এলাকার এক ব্যবসায়ী বলেন, পুকুরটি বহুদিন ধরে এ এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাচ্ছিল। অথচ রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে পুকুরের জায়গায় পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। এটি নির্মিত হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, রেলপথের দুই পাশে দোকানপাট গড়ে ওঠায় রেলপথের জায়গা সংকুচিত হয়ে গেছে। এ জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রেলস্টেশনের পশ্চিম পাশে গোডাউন রোডে প্রায় ৪৭০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে ১৫০টি অবৈধভাবে গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব দোকানপাট স্থাপন করেছেন। ফলে এ সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
গোডাউন রোডের বাসিন্দা রাশিদুল ইসলাম বলেন, রেলস্টেশনের কর্মকর্তারা মাসোহারা নিয়ে এসব অবৈধ দোকান স্থাপনের অনুমতি দিয়েছেন। তাঁদের চোখের সামনের দোকান গড়ে উঠলেও তাঁরা বাধা দিচ্ছেন না।
শহরের গোডাউন রোডের দখলদারদের মধ্যে কালু মিয়া, আবুল কাশেম, সেলিম মিয়া জানান, রেলের কর্মকর্তাদের অনুমতি নিয়ে ঘর তুলে তাঁরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
গাইবান্ধার স্টেশনমাস্টার আবদুল ওয়াহেদ মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাউকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়নি। অবৈধ দখল উচ্ছেদের দায়িত্ব রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের ভূসম্পত্তি বিভাগের। এখানে আমাদের কিছু করার নেই। আমার দায়িত্ব কেবল জায়গা দখলের খবর পাওয়ামাত্র রেলওয়ের পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগকে জানানো। আমি তা-ই করেছি।’
রেলওয়ের লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘রেলওয়ের জায়গা বেদখলের অভিযোগ পেয়েছি। শিগগিরই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হবে।’