গাইবান্ধায় বেশি চাহিদা গাউন ও থ্রিপিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে ঈদের বেচাকেনা। গত বুধবার গাইবান্ধা শহরের একটি বিপণিবিতান থেকে তোলা l ছবি: প্রথম আলো
জমে উঠেছে ঈদের বেচাকেনা। গত বুধবার গাইবান্ধা শহরের একটি বিপণিবিতান থেকে তোলা l ছবি: প্রথম আলো

শেষমুহূর্তে গাইবান্ধা শহরের বিপণিবিতানগুলোয় ঈদের কেনাকাটা জমে উঠেছে। বেলা ১১টা থেকে ৩টা এবং রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত দোকানগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড় জমছে।

ঈদের কেনাবেচা উপলক্ষে বিপণিবিতানগুলো নানাভাবে সাজানো হয়েছে। রাতে শহরের  বিপণিবিতান সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, ইসলাম প্লাজা, পৌর মার্কেট ও শাপলা মার্কেটে রঙিন বাতি জ্বলছে।

ব্যবসায়ীরা বলছেন, এসব বিপণিবিতানে গাউন, ফ্লোর টাচ, লম্বা ফ্রক, বিজ কটন, প্রাচী, অরবিন্দুসহ বিভিন্ন নামের জামা ও থ্রিপিস পাওয়া যাচ্ছে।

এর মধ্যে প্রতিটি গাউন ও থ্রিপিস ৩ হাজার থেকে ৮ হাজার, ফ্লোর টাচ সাড়ে ৩ হাজার থেকে ১০ হাজার, লম্বা ফ্রক সাড়ে ৫ হাজার থেকে ১৩ হাজার, বিজ কটন ১ হাজার ২৫০ থেকে ৩ হাজার, অরবিন্দু ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায় বেচাকেনা হচ্ছে। তবে সবচেয়ে বেশি চাহিদা গাউন ও থ্রিপিসের।

গত বুধবার বিকেলে শহরের সালিমার সুপার মার্কেটে কেনাকাটা করতে আসেন গাইবান্ধা শহরের পূর্বপাড়ার চাকরিজীবী নজরুল ইসলাম। তিনি বলেন, ‘দেরিতে বোনাস পেয়েছি, তাই দেরিতে কেনাকাটা করতে আসতে হলো।’ এবার পোশাকের দাম কেমন—জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েকে অনেক থ্রিপিস দেখালাম। কিন্তু ৮ হাজার টাকায় তাকে একটি গাউন কিনে দিতে হয়েছে। কিশোরীদের চাহিদার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ফায়দা লুটছেন।’

একই দিন কেনাকাটা করতে আসা সদর উপজেলার খোলাহাটি গ্রামের স্কুলশিক্ষক রতনা বেগম বলেন, ‘গত বছরের তুলনায় এবার জামা ও থ্রিপিসের দাম বেশি। গতবার যে থ্রিপিস ৩ হাজার টাকায় কিনেছি, এবার সেটি সাড়ে ৪ হাজার টাকা।’

একই মার্কেটে আসা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের ব্যবসায়ী কাজল মিয়া বলেন, শিশুদের পোশাকের দাম ১ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে।

এ বিষয়ে সালিমার সুপার মার্কেটের পোশাকের দোকান রংবেরংয়ের স্বত্বাধিকারী বাপ্পা সাহা বলেন, এবার শিশু ও নারীদের পোশাকের চাহিদা বেশি। কিন্তু মনগড়া দাম নেওয়া হচ্ছে না। বেশি দাম দিয়ে কিনতে হয় বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতা বলেন, ঈদের বাজারে শিশুদের পোশাক ছাড়াও নানা নামে ও ডিজাইনে আসা বড়দের জিনস প্যান্ট, শর্ট পাঞ্জাবি ও গেঞ্জি বেচাকেনা হচ্ছে। শাড়ির দোকানে এসেছে ঢাকাই জামদানি, বুটিক, তসর, টাঙ্গাইল, পাবনা ও রাজশাহী সিল্ক। প্রকারভেদে প্রতিটি শাড়ির দাম সাড়ে ৩ হাজার থেকে ২২ হাজার টাকা। বর্তমানে থান কাপড় বিক্রি নেই বললেই চলে। ব্যস্ততার কারণে দরজিরা এখন আর অর্ডার নিচ্ছেন না।

পৌর মার্কেটের মিলন গার্মেন্টসের স্বত্বাধিকারী শামসুজ্জোহা প্রামাণিক বলেন, এখন দিনের বেলা গ্রামাঞ্চলের ক্রেতা ও রাত দেড়টা-দুইটা পর্যন্ত শহরের ক্রেতারা কেনাকাটা করছেন। ঈদের আগের দিন সারা রাত কেনাকাটা চলবে।

ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, প্রতিটি মার্কেটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। সারা রাত টহল চলছে। কমিউনিটি পুলিশের সদস্যরাও নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন।