গাইবান্ধায় ব্রহ্মপুত্রে সেতুর দাবিতে মানববন্ধন
গাইবান্ধা শহরের পাঁচ কিলোমিটার পূর্বে উত্তর-দক্ষিণে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ। এই নদে বহুমুখী সেতু ও সংযুক্ত মহাসড়ক নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরের ডিবি রোডে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে শহরে সব ধরনের যানবাহন চলাচল, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। গাইবান্ধা চেম্বার এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, পৌর মেয়র শামছুল আলম, নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, জেলা শহরের অদূরে বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্র বহুমুখী সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ঢাকা, সিলেট বিভাগ এবং বৃহত্তর ময়মনসিংহ জেলাগুলোর সরাসরি সড়ক ও রেলযোগাযোগ চালু হবে। এতে রংপুর বিভাগের সঙ্গে বিকল্প পথে রাজধানীর দূরত্ব অনেক কমে যাবে।