গাইবান্ধায় ভর্তির নিশ্চয়তা দিয়ে প্রাইভেট-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণীতে ভর্তির নিশ্চয়তা দিয়ে গাইবান্ধা সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ের কতিপয় শিক্ষক প্রাইভেট-বাণিজ্য চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভর্তি-ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দু-তিন হাজার টাকা ফি আদায় করা হচ্ছে। ওই সব শিক্ষক সম্ভাব্য প্রশ্নের সাজেশনও দিচ্ছেন।প্রাইভেট-বাণিজ্য বন্ধের দাবিতে গতকাল বুধবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধন করে জেলা প্রগতিশীল ছাত্রজোট। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, বিধিমালা উপেক্ষা করে বিদ্যালয় দুটির কিছু শিক্ষক বাড়িতে ও অন্যত্র বাসা ভাড়া নিয়ে প্রাইভেট-বাণিজ্য শুরু করেছেন। শহরের মিয়াপাড়ার অভিভাবক মোর্শেদুর রহমান বলেন, যেসব শিক্ষক প্রতিবছর ভর্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করেন, তাঁরাই প্রাইভেট-বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তাঁরা ভর্তি পরীক্ষার খাতায় বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, যাতে মূল্যায়নের সময় ওই সব চিহ্নিত খাতায় অধিক নম্বর দিতে পারেন। ভর্তির নিশ্চয়তা দিয়ে প্রায় এক মাস ধরে বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো হচ্ছে। ৪০-৫০ জনের একটি দল করে প্রতিদিন ছয় থেকে আটটি ব্যাচে শিক্ষকেরা এ কাজ করছেন। অভিভাবকেরাও ভর্তির নিশ্চয়তা পেয়ে তাঁদের কাছে সন্তানদের পাঠাতে হুমড়ি খেয়ে পড়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভর্তি-ইচ্ছকু শিক্ষার্থী জানায়, প্রাইভেটে ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশশ্ন ও উত্তর শিখিয়ে তা বন্ধুবান্ধবকে জানাতে নিষেধ করা হচ্ছে। গাইবান্ধা শহরের স্কুল লেনের অভিভাবক মিহির ঘোষ বলেন, ভর্তি-বাণিজ্যের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তার পরও প্রাইভেট-বাণিজ্য চলছে।এ প্রসঙ্গে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বানু বলেন, সব শিক্ষককে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে প্রাইভেট না পড়ানোর জন্য বলা হয়েছে। ভর্তি নিয়ে অনিয়মের কোনো সুযোগ নেই।সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, ভর্তির জন্য প্রাইভেট পড়ানোর বিষয়টি তিনি শুনেছেন। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।