গাইবান্ধায় ভেস্তে গেছে বিনা মূল্যে পানি সরবরাহের উদ্যোগ
গাইবান্ধার পাঁচ উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ ভেস্তে গেছে। ফলে প্রায় ৩০০ গ্রাহক বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২০০৮-০৯ অর্থবছরে গাইবান্ধা সদরে দুটি, গোবিন্দগঞ্জে দুটি, পলাশবাড়িতে দুটি, সাদুল্যাপুরে একটি ও সুন্দরগঞ্জে দুটি করে মোট নয়টি পানির ট্যাংকি স্থাপন করা হয়। এতে মোট ব্যয় হয় ৫৬ লাখ টাকা। এ কাজে অর্থ সহায়তা দেয় দাতা সংস্থা হাইসাওয়া ও ডানিডা। ওই সময় প্রতিটি ট্যাংকির আশপাশে ৩০-৪০টি বাড়িতে পানির সংযোগ দিয়ে টিপকল স্থাপন করা হয়। কিন্তু ২০০৯ সালের জানুয়ারিতে চালুর দু-তিন দিন পরই পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে প্রায় চার বছর ধরে ট্যাংকিগুলো অব্যবহূত অবস্থায় পড়ে আছে। গ্রাহকদের সূত্রে জানা গেছে, বিশুদ্ধ পানির জন্য এগুলো চালু করা হলেও সরবরাহ করা পানিতে আয়রন পাওয়া যাচ্ছিল। ফলে এ কর্মসূচি ভেস্তে যায়। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর বারুইপাড়া ও ঠাকুরেরদিঘি গ্রামে দুটি পানির ট্যাংকি স্থাপন করা হয়। প্রতিটি ট্যাংকির ধারণক্ষমতা ২৫ হাজার লিটার। উত্তর বারুইপাড়া গ্রামের পানির গ্রাহক তবনী চন্দ্র রায়, সুরেন্দ্র চন্দ্র রায় ও আবদুর রশিদ বলেন, ‘২০০৮ সালে ট্যাংকি নির্মাণের পরই আমাদের বাড়িতে সংযোগ দেওয়া হয়। কিন্তু প্রথম দিনেই পানিতে প্রচুর আয়রন ধরা পড়ে। পরে বরেন্দ্র কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দেওয়া হলে তিন দফা নতুন করে পাইপ বসানো (বোরিং) হয়। তার পরও আয়রন পাওয়া যায়।’ একই গ্রামের গ্রাহক গীতা রানী বলেন, ‘হামার ঘরে বাড়ির কাচে নলকূপ নাই। দূর থাকি পানি আনি। আশা করচিলাম, পাম (ট্যাংক) বসেয়া ভালোই হলো। ভালো পানি খাবার পামো। কিন্তু পামপের পানিত খালি আয়রন। তাই সগলে পানি নেওয়া বনেদা করলে পাম বনদো হয়া যায়।’বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম জানান, পানিতে আয়রন থাকায় এসব ট্যাংকির পানি কেউ ব্যবহার করছেন না। তাই এগুলো অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এ ছাড়া এটি একটি পরীক্ষামূলক কর্মসূচি। আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য একটি ট্যাংকির জন্য একটি যন্ত্র বসাতে হবে। এতে ট্যাংকিপ্রতি ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় তা করা যাচ্ছে না। পানি আয়রনমুক্ত করে সরবরাহ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।