গাইবান্ধায় মধ্যরাতে আগুনে পুড়ে গেল মাধ্যমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর রাতে পুড়ে গেছে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি হাইস্কুল। পুড়ে গেছে শ্রেণিকক্ষের আসবাবসহ অন্যান্য জিনিস। সকালে এই পুড়ে যাওয়ার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা l ছবি: প্রথম আলো
গভীর রাতে পুড়ে গেছে গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি হাইস্কুল। পুড়ে গেছে শ্রেণিকক্ষের আসবাবসহ অন্যান্য জিনিস। সকালে এই পুড়ে যাওয়ার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা l ছবি: প্রথম আলো

গাইবান্ধার সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে গেছে কুন্দেরপাড়া গণ–উন্নয়ন একাডেমি নামের একটি মাধ্যমিক বিদ্যালয়। এতে ওই বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাস করা কয়েক শ শিক্ষার্থীর সনদ, বিভিন্ন শিক্ষা সরঞ্জাম ও আসবাব ভস্মীভূত হয়েছে।

বিদ্যালয়টির পরিচালনায় থাকা গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ–উন্নয়ন কেন্দ্র ও বিদ্যালয় কর্তৃপক্ষের সন্দেহ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আগুনে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ। পুলিশ বলেছে, এই অগ্নিকাণ্ড নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টিনের তৈরি এই বিদ্যালয় উপজেলার কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের দুর্গম চরাঞ্চলে অবস্থিত। আশপাশের লোকজন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিদ্যালয়টিতে তাঁরা আগুন জ্বলতে দেখেন। তাঁরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। আগুনে অফিসকক্ষ, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, শ্রেণিকক্ষ ও আসবাব পুড়ে গেছে। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অনেক অভিভাবক বিদ্যালয়ে ছুটে আসেন। শিক্ষার্থীদের কেউ কেউ পোড়া বিদ্যালয় দেখে কান্নায় ভেঙে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, এই বিদ্যালয় থেকে এ বছর ৭৭ জন এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ৭৫ জনের প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। দুজনের প্রবেশপত্র দেওয়া হয়নি। সে দুটি পুড়ে গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। গণ–উন্নয়ন কেন্দ্রের অর্থায়নে ২০০৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর শিক্ষার্থী সংখ্যা ৫৭৩।

বিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, আগুনে বিদ্যালয়ে রক্ষিত কয়েক শ শিক্ষার্থীর এসএসসি ও জেএসসি পাসের সনদও পুড়ে গেছে। যে দুজন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র পুড়েছে, তারা হলো সোহেল রানা ও শাওন ইসলাম। দুজনই গতকাল বিদ্যালয়ে এসেছিল। তারা বলে, কয়েক দিন আগে প্রবেশপত্র বিতরণ করা হয়। সেদিন তারা স্কুলে আসতে না পারায় প্রবেশপত্র তুলতে পারেনি। প্রবেশপত্র পুড়ে যাওয়ায় আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পরীক্ষা নিয়ে তারা চিন্তায় পড়েছে।

গাইবান্ধা গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম বলেন, এই চরাঞ্চলে কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। তাই এখানকার ছেলেমেয়েদের কথা ভেবে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছিল। এতে অবহেলিত এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছিল। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়ে থাকতে পারে।

কুন্দেরপাড়া গ্রামের কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় কিছু লোক বিদ্যালয়ের কার্যক্রমে বাধা দিচ্ছিলেন। এ ছাড়া কিছু লোক আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের কাছাকাছি স্থানে মদ-জুয়া ও যাত্রার নামে অশ্লীল নাচ-গানের আসর চলছিল। এই সুযোগে দুর্বৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টির চারদিকে বসতি। ঘটনাটি রহস্যজনক। নাশকতাও হতে পারে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় মদ-জুয়ার আসর চলার বিষয়টি তাঁর জানা নেই।

গতকাল সকালে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলেয়া ফেরদৌস জাহান বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শামসুল আজম বলেন, আজ শনিবার থেকেই যাতে ওই বিদ্যালয়ে পাঠদান চলে, সে ব্যবস্থা করা হবে। এ ছাড়া ওই দুই পরীক্ষার্থীর জন্য নতুন প্রবেশপত্র ইস্যুর ব্যবস্থা নেওয়া হবে।