গাইবান্ধায় মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের কমলা বাজার (পালপাড়া) গ্রামের সর্বজনীন কালী মন্দিরে গত শনিবার দিবাগত রাতে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে মন্দিরের প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।
পুলিশ জানায়, ওই দিন রাত একটার দিকে সহিদার মিয়া নামে এক অটোচালক গাইবান্ধা শহর থেকে বাড়ি ফেরার পথে মন্দিরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মন্দিরে রাখা কয়েকটি প্রতিমাসহ প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে যায়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্দির কমিটির সভাপতি গজেন্দ্র নাথ পাল বাদী হয়ে অজ্ঞাত আসামি দেখিয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।