গাইবান্ধায় মহাসড়কে ১৩টি ঝুঁকিপূর্ণ বাঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সীমানায় পড়া ৩২ কিলোমিটার অংশে ১৩টি বাঁক মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব বাঁক অতিক্রম করার সময় যানবাহন প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। কিন্তু দুর্ঘটনা রোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এসব বাঁকে ৩৩টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাইবান্ধা কার্যালয় সূত্র জানায়, মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পর্যন্ত ১৩টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। স্থানগুলো হলো: গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাসস্ট্যান্ড, বকচর, বোয়ালিয়া, কালীতলা, চাপড়িগঞ্জ, কাটাখালী, কোমরপুর বাজার, নুনদহ (জুমারঘর), দরগা, পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী, গিরিধারিপুর, রেস্টহাউস ও সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজার। এসব বাঁক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানা গেছে। পলাশবাড়ীর মহদিপুর গ্রামের ট্রাকচালক উত্তম কুমার বলেন, ‘মহাসড়কের দুই-তিন কিলোমিটার পথ অতিক্রম করতেই বাঁক পড়ে যায়। তখন ধীরগতিতে চালানো ছাড়া কোনো উপায় থাকে না। বিশেষ করে যেসব স্থানে বাঁক সেখানে বিপরীত দিক থেকে যানবাহন আসছে কি না বোঝা যায় না। এ কারণে বেশির ভাগ দুর্ঘটনাই ঘটছে বাঁকে। কখনো মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, কখনো বাঁক অতিক্রম করতে গিয়ে যানবাহন খাদে পড়ে যাচ্ছে।’পলাশবাড়ীর চৌমাথা এলাকার মোটরশ্রমিক নেতা সুরুজ হক বলেন, ‘এসব বাঁক এলাকায় গতিরোধক নেই। নেই কোনো সতর্কতামূলক ব্যবস্থা। ফলে উভয় দিক থেকে যানবাহন দ্রুতগতিতে বাঁক পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ছে। বিষয়টি সওজকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।’ সওজ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম বলেন, ‘বাঁকের কারণে মহাসড়কে বেশি দুর্ঘটনা ঘটছে। কিন্তু সওজ বিভাগের পক্ষে মহাসড়কে গতিরোধক নির্মাণ করা সম্ভব নয়। এ জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি দরকার। কিন্তু মন্ত্রণালয় গতিরোধক নির্মাণের অনুমতি দিচ্ছে না। কারণ, গতিরোধকের কারণে চাঁদাবাজি ও ডাকাতির সম্ভাবনা থাকে।অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট নামে বুয়েটের একটি সমীক্ষা দল মহাসড়কের এই অংশে সাতটি স্থানকে অধিক দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। চলতি বছর জুলাইয়ে জেলা পুলিশের উদ্যোগে এই সাতটিসহ নয়টি স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। সাইনবোর্ডগুলো বিশেষ কালি দিয়ে লেখা, যাতে রাতে যানবাহনের আলোয় চালকেরা দেখে সতর্ক হতে পারেন।উপপরিদর্শক আশরাফুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ রাতে বাঁকগুলোতে বিশেষ নজরদারি রাখছে। সওজ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বলেন, গাইবান্ধার অংশের সাতটি বাঁক ভেঙে মহাসড়ক সোজা করার একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেশব্যাপী এই প্রকল্প হাতে নিয়েছে সড়ক বিভাগ। আশা করা যায়, আগামী বছর প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে।