গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে ৬৭ জনের নাম উল্লেখ করে পাঁচ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ সোমবার চারজনকে আটক করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে ওই মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার অভিযান চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
সংঘর্ষের পরে আজ সকালে রামভদ্র খানাবাড়ি গ্রামে সরেজমিনে গিয়ে কোনো পুরুষ দেখা যায়নি। গ্রামে নারীদের সংখ্যাও ছিল কম। কয়েকজন গ্রামবাসী জানান, গ্রেপ্তার এড়াতে সবাই গা ঢাকা দিয়েছেন। বেলা ১১টার দিকে গ্রামে ঢুকতেই দেখা হলো জায়েদ আলীর (৬০) সঙ্গে। তিনি জানালেন, ‘বাবা আচকে কি দ্যাখব্যান। যা হব্যার সেদিন আইতে হচে। এই দ্যাকেন না, হামারঘরে ঘরের জিনিসপতরো পুলিশের নোকজন ভাঙ্গি ফেলাচে।’ একই গ্রামের হাতেম মিস্ত্রি (৫৫) বললেন, ‘হামারঘরে খরের পালায় আগুন নাগে দিচে, বাড়ির জিনিসপতরোও ভাঙচে। শুনল্যাম মামলাও বলে হচে। যারা বাড়ির জিনিসপতরো ভাঙল, তারা দোষী-অদোষী সবাইকে যে গেরেফতার করব্যার নোয়ায় তার বিশ্বাস কি। তাই গয়ের সবাই পলে গেচে।’ গ্রামের মজিবর হাজি (৫৮), সামর উদ্দিন (৫৪) ও হাবিব মিয়া (৪৮) একই কথা বললেন। ওই গ্রামের দিনমজুর আবু তাহের (৪৫), রেজাউল (৪৩) ও আলম মিয়া (৪০) বলেন, ‘হামরা আজনিতি করি না। গরিব মানুষ, তাও হামারঘরে বাড়ি ভাঙচে পুলিশের নোকজন। একন আবার দিনোত পুলিশ পোহরা দেই, আইতোত পলে থাকি।’
গত শনিবার মধ্যরাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত দফায় দফায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ২৪ সদস্যসহ কমপক্ষে ৪৫ জন আহত হন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে উপজেলার চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা ও নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় করা মামলার আসামিদের ধরতে গেলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের ভাড়া করা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তিনটি বাড়িতে অগ্নিসংযোগ ও শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। পুলিশের আহত সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নেন। সংঘর্ষ শুরুর আগে গ্রামের মাদ্রাসা ও একটি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে প্রচার চালিয়ে গ্রামবাসীকে একত্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর চড়াও হন। পরে শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের প্রায় ১০০ সদস্য ওই গ্রামে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন। রাত পৌনে একটার দিকে তাঁরা গ্রামের শাহাজাহান ওরফে ভুট্টু (৩৮), আল-আমিন (২২) ও মফিজুল হককে (৫৬) গ্রেপ্তার করেন। তাঁরা এজাহারভুক্ত আসামি। তাঁদের থানায় নেওয়ার সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুরু হয় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। জামায়াত-শিবির পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক ফাঁকা গুলি ছোড়ে। রাত দুইটার দিকে গাইবান্ধা ও রংপুর থেকে অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাসদস্য এসে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে নেতা-কর্মীরা পিছু হটলে যৌথ বাহিনী গ্রামটি ঘিরে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। গতকাল সকাল সাতটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালানো হয়। এ সময় চার কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। সহিংসতায় জামায়াত-শিবিরের কর্মীসহ আরও চারজন নিহত হন। এসব ঘটনায় সুন্দরগঞ্জ থানায় ৩২টি মামলায় ৬০ হাজার জনকে আসামি করা হয়। নাম উল্লেখ করা হয় এক হাজার ১৪৭ জনের। মামলায় এজাহারভুক্তসহ এ পর্যন্ত তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগও রয়েছে।