গাইবান্ধায় মুক্তিপণ না পেয়ে শিশুহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুক্তিপণ না পেয়ে নুরুন্নবী মিয়া নামের ছয় বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। উপজেলার সোনারপাড়া এলাকায় গত সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ধারণা করছে। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলা শহরের অদূরে করতোয়া নদীর তীরে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন গতকাল মঙ্গলবার সকালে পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সোনারপাড়া এলাকার ব্যবসায়ী ফুল মিয়ার ছেলে নুরুন্নবী উপজেলার বর্ধনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রতন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, নুরুন্নবী হত্যার খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল দুপুরে রতন মিয়াকে আটক ও মারধর করে পুলিশে সোপর্দ করে। একপর্যায়ে রতনের বাড়িঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নুরুন্নবীকে গত শনিবার অপহরণ করেন রতন মিয়া। পরদিন তিনি ফুল মিয়াকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। এ প্রস্তাব প্রত্যাখ্যান করে নুরুন্নবীর বাবা ফুল মিয়া গোবিন্দগঞ্জ থানায় রতন মিয়াসহ চার ব্যক্তিকে আসামি করে গত সোমবার মামলা করেন।