গাইবান্ধায় মোয়াগাড়ি খালে সেতুর দাবি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মোয়াগাড়ি খালের ওপর দীর্ঘদিনেও সেতু নির্মাণ হয়নি। বাঁশের সাঁকো দিয়ে কোনোমতে লোক ও রিকশা-ভ্যান পারাপার হচ্ছে। কিন্তু সেটিও এখন ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অথচ প্রায় তিন লাখ লোকের চলাচলের মাধ্যম এই সাঁকো।খোঁজ নিয়ে জানা যায়, ব্রিটিশ আমলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মোয়াগাড়ি গ্রামের বুক চিরে একটি খাল নির্মিত হয়। কিন্তু খালের ওপর সেতু নির্মাণ করা হয়নি। স্থানীয় লোকজন সাদুল্যাপুর-মোয়াগাড়ি-পীরগঞ্জ সড়কে মোয়াগাড়ি খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে। গত বছর সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান এটি সংস্কার করেন। সাঁকো দিয়ে কোনোমতো লোক ও রিকশা-ভ্যান পারাপার হচ্ছে। ফলে সাদুল্যাপুর থেকে ১৫ কিলোমিটার ঘুরে ধাপেরহাট হয়ে রংপুরের পীরগঞ্জে ভারী যানবাহন চলছে। মোয়াগাড়ি গ্রামের কলেজছাত্র সাদেকুল ইসলাম জানায়, স্বাধীনতার ৩৯ বছর পরও এখানে সেতু নির্মিত হয়নি। ফলে এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি এলজিইডিকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। পার্শ্ববর্তী মোলংবাজার গ্রামের রিকশাচালক কবির মিয়া (৪৫) বলেন, ‘ভোট আলে সগলে খালি বিরিজ বানে দিব্যার চায়। বিরিজ কেটা করবে! ভোটোত হলে ওমারঘরে দেকা পাওয়া যায় না। হামারঘরে যে কসটো সেই কসটোই করা নাগে। হামারঘরে কপালোত আর বিরিজ জুটপ্যার নোয়ায়।’ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, একটি সেতুর অভাবে গাইবান্ধার সাদুল্যাপুর, পলাশবাড়ি ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ দুর্ভোগের শিকার। তারা প্রতিবছর বর্ষা মৌসুমে নৌকায় ও খরা মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। বিশেষত স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা নৌকায় ও সাঁকো দিয়ে পারাপার হতে বিড়ম্বনা পোহাচ্ছে। এখানে সেতু নির্মাণের জন্য এলজিইডিকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না।সাদুল্যাপুর উপজেলা প্রকৌশলী সামসুজ্জামান বলেন, মোয়াগাড়ি খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে।