গাইবান্ধায় রেল ও সড়কপথ অবরোধ, আদমদীঘিতে সংঘর্ষে আহত ২৯
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে রেল ও সড়কপথ অবরোধ এবং গোবিন্দগঞ্জে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলায় সহিংসতায় ২৯ জন আহত হয়েছে।সুন্দরগঞ্জ: ৮ জুন অনুষ্ঠিত উপজেলার সর্বানন্দ ইউপির নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও পুনরায় ভোট গণনার দাবিতে গতকাল বুধবার বেলা ১১টার দিকে বামনডাঙ্গায় রেল ও সড়কপথ অবরোধ করে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমানের সমর্থকেরা।এ সময় সান্তাহার-লালমনিরহাট রেলপথে ট্রেন এবং গাইবান্ধা-সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে পৌঁছানোর পর অবরোধের মুখে পড়ে। এ নিয়ে পুলিশ ও জনতার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আলোচনা করে দুপুর পৌনে ১২টায় আটকে পড়া ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এরপর প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান, ছামিউল ইসলাম, হাবিবুর রহমান, আবদুল আজিজ প্রমুখ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ট্রেন অবরোধ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।গোবিন্দগঞ্জ: উপজেলার দরবস্ত ইউপির নির্বাচনে রামনাথপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুই সদস্য পদপ্রার্থী সাজু মিয়া ও শহিদুল ইসলামের সমর্থকেরা ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ তিনটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া বেলা একটা দিকে উপজেলার রাজাহার ইউপির পানিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল লতিফের সমর্থক ও অন্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় মোস্তাফিজুর রহমানের দুজন সমর্থকের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এতে পাঁচজন আহত হয়। গুরুতর আহত আজাদ হোসেনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আদমদীঘি (বগুড়া): মঙ্গলবার সকালে নসরতপুর ইউপির ডুমরিগ্রামে পরাজিত সদস্য পদপ্রার্থী আফসার আলীর সমর্থকেরা বিজয়ী সদস্য আবদুর রাজ্জাকের দুই সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুর করে। এ ঘটনায় নারীসহ আটজন সমর্থক আহত হয়েছে। আহত ব্যক্তিদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মেরিনা বেগম নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।এদিকে উপজেলার বন্তইর গ্রামে রাত আটটার দিকে নবনির্বাচিত সদস্য আবুবক্কর সিদ্দিক ৮-১০ জন সমর্থক নিয়ে বাড়ি যাওয়ার সময় পরাজিত প্রার্থীর সমর্থকেরা হামলা চালায়। এতে সাতজন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত সিংগাহার গ্রামের আহসান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলার কৈকুড়ি গ্রামে বিজয়ী সদস্য মোসলেম উদ্দীনের সমর্থকদের ওপর পরাজিত প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে ১০ জনকে আহত করে।পুলিশ জানায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাগরপুর ও সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে।