গাইবান্ধা সদরের চকচকা গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত তাজুল ইসলামের লাশ নিয়ে গতকাল সোমবার দুপুরে শহরে মিছিল করে বিক্ষুব্ধ জনতা। লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের একটি কেন্দ্রে রোববার ভোট গ্রহণের সময় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি ফাঁকা গুলি চালায়।গাইবান্ধা: গতকাল দুপুর একটার দিকে বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ ট্রাকযোগে চকচকা গ্রাম থেকে জেলা শহরে আসেন। তাঁরা লাশ ঘাড়ে বহন করে এই মিছিল করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়। পরে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বক্তব্য রাখেন চকচকা গ্রামের পরাজিত মেম্বার প্রার্থী মমিনুল ইসলাম, চকচকা গ্রামবাসীর পক্ষে নজরুল ইসলাম, একরাম হোসেন প্রমুখ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। ১৪ জুন উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় আহত তাজুল ১৮ জুন রাতে মারা যান।লালমনিরহাট: গত রোববার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের সময় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশ একটি ফাঁকা গুলি চালায়। এর আগে এই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা ঠেকাতে গিয়ে লালমনিরহাট সদর থানার এসআই আফছার আলী আহত হন। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।উলিপুরে সাতজন আহতউলিপুর (কুড়িগ্রাম): উলিপুরে রোববার রাত ১১টায় নাগড়াকুড়া বাজার এলাকায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান ও আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হন। সংঘর্ষে একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাত দুইটা পর্যন্ত লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান আবুল কালাম আজাদকে দায়ী করেছেন। অন্যদিকে আবুল কালাম আজাদ ঘটনার জন্য তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোখলেছুর রহমানকে দায়ী করেছেন।