গাইবান্ধায় লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বুধবার মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধা শহর শাখা। ঘনঘন লোডশেডিং, কর্মকর্তাদের সীমাহীন অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি ও বিদ্যুতের গ্রাহকদের হয়রানির প্রতিবাদে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা একরাম হোসেন, জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম, সহসভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক গোলাম মারুফ, জেলা জাসদের শিক্ষাবিষয়ক সম্পাদক মোজাহিদ হোসেন, জাতীয় শ্রমিক জোট গাইবান্ধা জেলা শাখার সদস্যসচিব নুর মোহাম্মদ, শহর জাসদের সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, জাতীয় নারী জোটের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি রাকিব হাসান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অসহনীয় লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাইবান্ধায় বিদ্যুৎ-বিভ্রাটের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন অনিয়ম-দুর্নীতিই প্রধান কারণ। বিশেষ করে লোডশেডিংয়ের কারণে বেশি সমস্যায় পড়ে রোগী, নারী ও শিশুরা। লোডশেডিংয়ের কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

এ প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গাইবান্ধা বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, গাইবান্ধা বিতরণ বিভাগের আওতায় প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছে। এসব গ্রাহকের জন্য দৈনিক বিদ্যুতের চাহিদা ২৫ মেগাওয়াট। কিন্তু এখানে দৈনিক বরাদ্দ দেওয়া হচ্ছে ১৭ থেকে ১৮ মেগাওয়াট। তাই লোডশেডিং করতে হচ্ছে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির ও গ্রাহক হয়রানির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গাইবান্ধা বিতরণ বিভাগ দুটি বিভাগে ভাগ হচ্ছে। এটি বাস্তবায়িত হলে অনেক সমস্যার লাঘব হবে।