গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের হামলা
গাইবান্ধা শহরে পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠানের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির মালিক দাবি করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৬০-৭০ জন নেতা-কর্মী একটি মিছিল নিয়ে শহরের ডিবি রোডে অবস্থিত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় তাঁরা প্রতিষ্ঠানের দুটি বিজ্ঞানাগার, ১২টি কম্পিউটার, আসবাব ও দরজা-জানালা ভাঙচুর করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি তাহমিদুর রহমান জানান, ওই প্রতিষ্ঠানে শিবিরের নেতা-কর্মীরা নিয়মিত গোপন বৈঠক করে আসছিলেন। গতকালও ওই প্রতিষ্ঠানে ছাত্রশিবির বৈঠকের আয়োজন করে। এ খবর পেয়ে গতকাল সকালে ছাত্রলীগের কর্মীরা সেখানে গিয়ে শিবিরের নেতা-কর্মীদের বৈঠক করতে দেখতে পান। এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।প্রতিষ্ঠানটির মালিক রোকনুজ্জামান তাঁর প্রতিষ্ঠানে শিবিরের নেতা-কর্মীদের বৈঠক আয়োজন করতে দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ উদ্দেশ্যমূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।