গাইবান্ধায় শিশু হত্যা মামলায় তিনজনের ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় শিশু তাছিন ওরফে অর্ণব (৫) হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলার সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার খামার পীরগাছা গ্রামের জাহিদ মিয়া (২০), পাভেল মিয়া (২৫) এবং সোনাইডাঙ্গা গ্রামের রুবেল মিয়া (২২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই তাছিন বন্ধুদের নিয়ে তার নানা নজরুল ইসলামের বাড়ির উঠানে খেলছিল। এ সময় জাহিদ, পাভেল ও রুবেল শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যান। তাঁরা শিশুটির পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দেওয়ায় তাঁরা শিশুটিকে হত্যা করেন।