গাইবান্ধায় শ্রমিক আটকের প্রতিবাদে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা বাস টার্মিনাল থেকে গতকাল রোববার সব ধরনের যানবাহন চলাচল চার ঘণ্টা বন্ধ থাকে। দুজন মোটরশ্রমিককে আটকের প্রতিবাদ ও তাঁদের মুক্তির দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে। পরে শ্রমিকদের ছেড়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায়, গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. জালাল উদ্দিন গত শনিবার রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশকোচে ঢাকা থেকে গাইবান্ধায় আসেন। তিনি পথে সার্কিট হাউসের সামনে নামতে চাইলে চালক কোচটি না থামিয়ে শহরের ডিবি রোডের টিকিট কাউন্টারে নিয়ে আসেন। এ নিয়ে হাকিমের সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ রাত একটার দিকে বাস টার্মিনাল থেকে কোচটির চালক আইয়ুব আলী ও হেলপার শান্ত কুমারকে আটক করে গাইবান্ধা সদর থানায় নিয়ে যায়। এ সময় কোচটিও থানায় নিয়ে যায় পুলিশ। আটকের প্রতিবাদে মোটর শ্রমিকেরা গতকাল সকাল আটটা থেকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বাস টার্মিনাল-সংলগ্ন সড়কে ব্যারিকেড দিয়ে পরিবহন ধর্মঘট শুরু করেন। বেলা ১১টার দিকে শ্রমিকেরা বাস টার্মিনালে এক সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক আবু হোসেন আবু, শ্রমিক নেতা রাজা মিয়া প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিকেরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক অফিসে যান। ১২টার দিকে দুই শ্রমিককে থানা থেকে ছেড়ে দেওয়া হলে পরিবহন ধর্মঘট তুলে নেওয়া হয়। একটি সূত্র জানায়, আগে থেকে বলার পরও চালক ইচ্ছাকৃতভাবে কোচটি শহরের ভেতরে নিয়ে আসেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম বলেন, নিরাপত্তার কারণে রাতে পথে কোচ থামানো হয়নি।