গাইবান্ধায় সংঘর্ষে আহত এক শিবির কর্মীর মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত শিবিরের কর্মী সোহাগ মিয়া (১৪) গতকাল মঙ্গলবার ভোরে মারা গেছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সোহাগের পরিবার সে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের (ইউনিট-২) সহকারী রেজিস্ট্রার মানবেন্দ্র কুমার পাল জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগী হিসেবে সূর্য নামে এক কিশোরকে ভর্তি করার পর রোববার রাতেই অস্ত্রোপচার করা হয়। গতকাল ভোর চারটার দিকে সে মারা যায়। তিনি বলেন, অস্ত্রোপচারের সময় তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম ফয়েজুর রহমান বলেন, সূর্যই আসলে সোহাগ। হাসপাতালের রেজিস্ট্রারে সোহাগের নাম সূর্য উল্লেখ করা হয়। সে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ১১টার দিকে সোহাগের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করেছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত একটি বাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যায় সোহাগকে আহত অবস্থায় বগুড়ার হাসপাতালে ভর্তি করেন।
সোহাগের চাচা আশরাফ কাজী মুঠোফোনে প্রথম আলোকে জানান, শিবিরের সঙ্গে সোহাগের সম্পৃক্ততা থাকতে পারে। কিন্তু সে সক্রিয় শিবির কর্মী নয়। খানাবাড়ি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র সোহাগ চার ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি বলেন, ‘শনিবার রাতে যৌথ বাহিনী আমাদের গ্রামের বাড়িঘরে ভাঙচুর চালায়। এ সময় অনেক গুলির শব্দ হয়। গুলির ভয়ে মায়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পথে সোহাগ গুলিবিদ্ধ হয়।’
সোহাগের মা জোলেখা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হামার ছেলে কী দোষ করেছিল? তোমরা হামার ছেলেক আনি দ্যাও।’
গতকাল বিকেলে বগুড়া থেকে সোহাগের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে। জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল কবীর। তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দাবি করেন, এ বিষয়ে তাঁরা কিছু জানেন না।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি পুলিশহত্যা ও নাশকতা মামলার আসামি ধরতে সুন্দরগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাঁদের থানায় নিয়ে যাওয়ার সময় সহস্রাধিক জামায়াত-শিবির কর্মী সংঘবদ্ধ হয়ে পুলিশ-সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে গাইবান্ধা ও রংপুর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে যুক্ত হয়ে রামভদ্র খানাবাড়ি গ্রাম ঘিরে গুলিবর্ষণ শুরু করে। সহস্রাধিক গুলি ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে ২৪ জন পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ ব্যক্তি আহত হন। জামায়াতের দাবি, সোহাগ মিয়াসহ জামায়াত-শিবিরের ২০ জন কর্মী গুলিবিদ্ধ হন।