গাইবান্ধায় সংঘর্ষে দুজন নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব কঞ্চিপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে গতকাল শুক্রবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে ফুল মিয়া (৫৫) ও মাজু মিয়া (২৮) নামের দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হয়েছে। পরিবার সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই গ্রামের আকবর আলী সরদারের সঙ্গে প্রতিবেশী ফুল মিয়ার এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে ওই বিরোধপূর্ণ জমির একটি ইউক্যালিপটাস গাছ আকবর আলীর লোকজন কাটতে গেলে ফুল মিয়া ও তাঁর পরিবারের লোকজন তাতে বাধা দেয়। এতে প্রথমে কথাকাটাকাটি ও পরে লাঠিসোটা এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর আহত ফুল মিয়া ও মাজু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। আহত অন্যদের গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, এ ঘটনায় ফুলছড়ি থানায় হত্যা মামলা করা হয়েছে।