গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ঘণ্টার ব্যবধানে গাইবান্ধায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটাবাড়ি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পানফুল খাতুন (১০) এবং সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের ফুল মিয়ার ছেলে মাইদুল ইসলাম (৮)। পানফুল কাটাবাড়ি রিফুজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী।
গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে পানফুল তার ফুফু হালিমা বেগমের সঙ্গে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়ক ধরে ব্যাটারিচালিত অটোরিকশা করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। সকাল ১০টার দিকে তাদের নিয়ে অটোরিকশাটি সাহেবগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পানফুল ও হালিমাসহ পাঁচজন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পানফুল মারা যায়। অপর আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অপরদিকে গতকাল বিকেল চারটার দিকে পশ্চিম দুলাল গ্রামের হযরত মণ্ডলের বাড়ি থেকে গোবর সার বোঝাই একটি ট্রলি তাঁর জমিতে যাচ্ছিল। এ সময় শিশু মাইদুল ট্রলির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে থাকে। একপর্যায়ে শিশুটি দৌড়ে ট্রলির সামনে পড়ে যায়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পুলিশ ট্রলিটি আটক করেছে। তবে ট্রলির চালক জাহিদুল ইসলাম পলাতক।