গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধায় গতকাল শনিবার বাসচাপায় শিশু ও ট্রাকচাপায় গৃহবধূ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলার গোপিনাথপুর গ্রামের সায়দার রহমানের ছেলে রিমন মিয়া (৭) ও অজ্ঞাত এক গৃহবধূ (২৫)।
থানা-পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে পলাশবাড়ী উপজেলার জুনদহ বাজার এলাকায় রিমন মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
এ ছাড়া গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী সেতুসংলগ্ন হাওয়াখানা এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক গৃহবধূ (২৫) নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, বিকেল চারটার দিকে দুই বছরের শিশুকন্যাকে কোলে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত ও শিশুটি ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।