গাইবান্ধায় সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামের জাহিদুল ইসলামকে (৪৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম গতকাল মঙ্গলবার ওই রায় দেন। জাহিদুল পলাতক রয়েছেন।
রাষ্টপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে জাহিদুল তাঁর তিন মাসের পুত্রসন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। ওই ঘটনায় তাঁর স্ত্রী পারুল বেগম বাদী হয়ে জাহিদুলকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা করেন। শুনানি শেষে গতকাল দুপুরে আদালতের বিচারক ওই রায় দেন। জাহিদুল গ্রেপ্তারের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে।