গাইবান্ধায় সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী এ বি এম জালাল উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল বুধবার সদর থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ডরমিটরি ও প্রশাসনিক ভবনের নির্মাণকাজ শুরু না করার আগেই পাঁচ কোটি ৬২ লাখ টাকা অগ্রিম দেওয়ায় মামলাটি করা হয়। দুদকের রংপুর অঞ্চলের উপপরিচালক আবদুল করিম বাদী হয়ে মামলাটি করেন।মামলা সূত্রে জানা গেছে, পূর্ত মন্ত্রণালয় প্রায় ১৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণকাজ হাতে নেয়। প্রকল্প বাস্তবায়নের শুরুতেই তৎকালীন নির্বাহী প্রকৌশলী নিয়মনীতি উপেক্ষা করে ২০১১ সালে প্রকল্পের প্যাকেজ দরপত্র আহ্বান না করে প্রতিটি কাজের পৃথক দরপত্র আহ্বান করেন। এর মধ্যে প্রায় ১৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন ও ডরমিটরি ভবন নির্মাণকাজের দায়িত্ব পান বগুড়ার ঠিকাদার মোমিনুল ইসলাম। ওই বছরের ১৮ সেপ্টেম্বর ঠিকাদারকে প্রকল্প এলাকা বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু প্রকল্পের কাজ শুরু না করলেও ২৩ অক্টোবর সরকারি নীতিমালা ভঙ্গ করে ঠিকাদারকে অগ্রিম পাঁচ কোটি ৬২ লাখ টাকার চেক দেওয়া হয়।গণপূর্ত বিভাগের অভ্যন্তরীণ একটি নিরীক্ষা দল গাইবান্ধায় নিয়মিত নিরীক্ষাকাজ করতে এলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে এই অনিয়মের বিষয়টি ধরা পড়ে। নিরীক্ষা দল বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানায়। ওই বছরের ৩ নভেম্বর তৎকালীন নির্বাহী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়। দুদক রংপুর অঞ্চলের উপপরিচালক আবদুল করিম প্রথম আলোকে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দুদক প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে এই মামলা করা হয়।