গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগর গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১২) অপহরণের ছয় দিনেও উদ্ধার হয়নি। এ ব্যাপারে ছাত্রীর বাবা বাদী হয়ে গত বুধবার থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশের গ্রাম বগুড়ার সোনাতলা উপজেলার দাউদিয়ারপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে আনিছ মণ্ডল (২০) দীর্ঘদিন ধরে ছাত্রীটিকে প্রেম নিবেদন করে আসছিলেন। বিদ্যালয়ে যাতায়াতের পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন আনিছ। একসময় তিনি বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু সে প্রস্তাবে সাড়া দেয়নি ছাত্রীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে আনিছ গত ১৭ এপ্রিল ছাত্রীকে অপহরণ করেন।অপহূতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রীটি বাড়ির পাশের মুদি দোকানে কেরোসিন কিনতে যাচ্ছিল। আনিছ মণ্ডল ও তাঁর লোকজন পথরোধ করে, ধারালো অস্ত্র দেখিয়ে তাকে অটোরিকশায় করে নিয়ে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী বাজিতনগর গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, ‘হইচই শুনে ঘটনাস্থলে এসে দেখি আনিছ মণ্ডল ও চার-পাঁচজন লোক মেয়েটিকে জোর করে অটোরিকশায় তুলছে।’ মুদি দোকানি আবদুল জলিল বলেন, ‘সন্ধ্যায় আমার দোকানের অদূরে লোকজনের হইচই শুনে এগিয়ে যাই। কাউকে চেনার আগেই তারা দ্রুত সটকে পড়ে।’অপহূতের বাবা অভিযোগ করেন, গত বছরের জুলাই মাসে অপহরণকারীরা তাঁর মেয়েকে স্কুলে যাতায়াতের পথে অপহরণ করবে বলে হুমকি দিয়েছিল। সে সময় এ বিষয়ে সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও অভিযোগ করেন, গত মঙ্গলবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। তবে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান বলেন, একজনকে আসামি করলে তত্ক্ষণাত্ মামলা নেওয়া যেত। ওসি জানান, মেয়েটিকে উদ্ধারের ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত আনিছ মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।