গাইবান্ধায় স্কুলে আগুন: রনজুর আরও দুই দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি হাইস্কুলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রনজু মিয়ার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ আজ রোববার দুপুরে এ আদেশ দেন।

বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ রনজু মিয়াকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।

এর আগে ৩১ জানুয়ারি রনজুকে জিজ্ঞাসাবাদের জন্য একই আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায় পুলিশ। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় গত ২৯ জানুয়ারি বিকেলে কুন্দেরপাড়া গ্রামের পার্শ্ববর্তী পারদিয়ারা গ্রাম থেকে রনজু মিয়াকে আটক করে পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজ দুপুরে মুঠোফোনে বলেন, কুন্দেরপাড়ার পার্শ্ববর্তী পারদিয়ারা গ্রামে আরেকটি বিদ্যালয় স্থাপনের কথা। বিদ্যালয়ে জমি দেওয়ার জন্য পারদিয়ারা গ্রামের মজিবর রহমান আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে কোনো বিরোধ আছে কি না, তা জিজ্ঞাসাবাদের জন্য মজিবর রহমানের ছেলে রনজু মিয়াকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ পুনরায় সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানতে চাইলে গণউন্নয়ন একাডেমি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ঘটনার পরদিন থেকেই বন্যা আশ্রয়কেন্দ্রের তাঁবু এবং সংলগ্ন ঘরের মেঝেতে পাঠদান করা হচ্ছে। ভবন মেরামত না করা পর্যন্ত এভাবে পাঠদান চালানো হবে।

২৬ জানুয়ারি রাতে ওই বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে স্কুলের অফিস কক্ষ, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, সাতটি শ্রেণিকক্ষ, ২৫ জোড়া চেয়ার-টেবিল, ১৪০ জোড়া বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র, কয়েক শ এসএসসি ও জেএসসি পাস শিক্ষার্থীর সনদপত্র এবং ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার দুইটি প্রবেশপত্র পুড়ে যায়। আগুনে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা করেন।