গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতামূলক শোভাযাত্রা

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল গতকাল বুধবার এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে দুপুরে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভায় মিলিত হয়। অনুষ্ঠানে চালক, মোটরমালিক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভার শুরুতে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতামূলক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোখছানা বেগম। বক্তব্য দেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, গাইবান্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জোবায়দুর রহমান, বিআরটিএ রংপুর বিভাগের উপপরিচালক মহসিন হোসেন ও গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক কাজী মো. মোরছালীন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রশিদ, জেলা ট্রাক-ট্যাংলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আবদুল করিম প্রমুখ।
বক্তারা বলেন, এ দেশের চালকদের সচেতনতার অভাব রয়েছে। তাঁরা অনেক সময়ই নিয়ম অমান্য করে ভুলপথে গাড়ি চালান। একটি গাড়ি আরেকটিকে অতিক্রম করতে দ্রুতগতিতে চালান। এক চালক আরেক চালকের সঙ্গে প্রতিযোগিতা করেন। কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালালে দুঘর্টনার ঝুঁকি বাড়ে। কিন্তু প্রায়ই একজন চালক টানা ১০ থেকে ১২ ঘণ্টা গাড়ি চালান। এতে চালকদের ঘুমের কারণে দুর্ঘটনা ঘটে। তাই মোটর মালিকদের চালকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া পথচারীদের উদাসীনতায়ও দুর্ঘটনা ঘটে। তাই সভা থেকে চালকদের ট্রাফিক আইন মেনে চলে গাড়ি চালাতে আহ্বান জানানো হয়। সেই সঙ্গে পথচারীদের সতর্কতার ওপরও জোর দেওয়া হয় সভায়। এতে সড়ক দুর্ঘটনা কমবে।