গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৬
গাইবান্ধা শহরের সার্কুলার সড়কের গোরস্তান মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার দুই শিক্ষকসহ ছয়জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন সদর উপজেলার পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোশ চন্দ্র (৪৫), ফুলছড়ি উপজেলার উদাখালি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিন্দ্রনাথ সরকার (৫০), সদর উপজেলার ত্রিমোহিনী গ্রামের রাহেলা বেগম (৩৫) ও মাহাতাব হোসেন (৪০)। বাকি দুজনের পরিচয় মেলেনি।আহত ব্যক্তিদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে আরিফ পরিবহনের একটি ট্রাক শহরের শনিমন্দির রোড থেকে সার্কুলার রোডে আসে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্তান মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মারা যান। এরপর ট্রাকটি একে একে রাস্তা ও ফুটপাতে দাঁড়িয়ে থাকা ২০ জনকে ধাক্কা দেয়। এ ছাড়া ট্রাকটির ধাক্কায় একটি টেম্পো ও একটি অটোবাইক উল্টে যায়। পরে স্থানীয় জনগণ চালকসহ ট্রাকটি আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ ট্রাকটি থানায় নিয়ে যায়।গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।