গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার তুলশীঘাট এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা শহরের থানাপাড়ার বাসিন্দা বাবু মিয়ার ছেলে আশিক মিয়া (২৮) ও পলাশবাড়ীর হরিপুর গ্রামের এনায়েত উল্লাহর ছেলে সাজু মিয়া (২৬)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আশিক তাঁর দুই বন্ধু ইমরান আলী (২০) ও ইউসুফ মিয়াকে (১৮) নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধা শহর থেকে পলাশবাড়ী যাচ্ছিলেন। বেলা একটার দিকে তুলশীঘাট গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে মোটরসাইকেলটি পথচারি সাজু মিয়াকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এ সময় রংপুর থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক আশিক ঘটনাস্থলেই নিহত এবং ইমরান ও ইউসুফ গুরুতর আহত হন।
পরে আহত সাজুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান। এ ছাড়া আহত ইমরান ও ইউসুফকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।