গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধার সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট এলাকায় আজ রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা শহরের থানাপাড়ার আশিক মিয়া (২৮) ও পলাশবাড়ি উপজেলার হরিপুর গ্রামের সাজু মিয়া (২৬)।
গাইবান্ধা সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে আশিক তাঁর দুই বন্ধু ইমরান আলী (২০) ও ইউসুফ মিয়াকে (১৮) নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধা শহর থেকে পলাশবাড়ী যাচ্ছিলেন। বেলা একটার দিকে তুলসীঘাট গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে মোটরসাইকেলটি পথচারী সাজু মিয়াকে ধাক্কা দেয়। এতে সাজু মিয়া পড়ে যান। মোটরসাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় রংপুর থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল চালক আশিক মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাজু, ইমরান ও ইউসুফও বাসের ধাক্কায় আহত হন। পরে সাজুকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত ইমরান ও ইউসুফকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুজনের বাড়ি গাইবান্ধা শহরের থানাপাড়ায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এই ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বাসের চালক ঘটনার পরপরই বাস নিয়ে পালিয়ে গেছেন।