গাইবান্ধায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রত্না আক্তারের (১৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। শহরের ডিবি রোডে ওই কলেজের তিন শতাধিক ছাত্রী ও শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। এর আগে কলেজ মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া, উপাধ্যক্ষ শামছুল আলম, অধ্যাপক হামিদ কলিম, হেদায়েতুল ইসলাম, রত্নার সহপাঠী নাসিমা আকতার প্রমুখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রত্না সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের রাজা আহমেদের মেয়ে। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে নানাবাড়ি থেকে লেখাপড়া করতেন। গত সোমবার রাতে পড়ালেখা শেষে নানির সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘরের দরজা খুলে কে বা কারা ঘুমন্ত অবস্থায় তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর শরীরে আগুন ধরে যায়।