গাইবান্ধায় হাউজি বন্ধে মানববন্ধন
গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে চলা হাউজি খেলা বন্ধের দাবিতে গতকাল বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে৷ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধনে বিভিন্ন পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন৷
গাইবান্ধা যুব নাগরিক ফোরাম আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন আনোয়ারুল কবির, মোশাররফ হোসেন, মাহফুজ-উল-কবির, এ বি এম জাকারিয়া, শেখ মিলন, আ ন ম হাসান, ইকবাল মুরাদ, ময়নুল ইসলাম মুরাদ, জাহিদ ইকবাল, লাভলু মিয়া, মিজানুর রহমান, ছকু আহমেদ প্রমুখ৷
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নের নামে গত ১ এপ্রিল থেকে শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে হাউজি খেলা চলছে৷ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এটা চালাচ্ছেন৷ এতে আশপাশের এলাকায় চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপরাধপ্রবণতা বেড়েছে৷
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা ক্রীড়া সংস্থার নামে হাউজি খেলার অনুমতি নেওয়া হয়৷ এ ক্ষেত্রে নিয়ম হচ্ছে ক্লাবের সদস্যরাই শুধু খেলবেন৷ কিন্তু এ নিয়ম ভঙ্গ করে ব্যবসা করা হচ্ছে৷
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এহছানে এলাহী বলেন, ক্রীড়া সংস্থার উন্নয়নে হাউজির অনুমতি দেওয়া হয়েছে৷ পাওয়া অর্থ এ খাতেই ব্যয় হবে৷