গাইবান্ধায় হাটবাজারে বোরো ধান উঠলেও ক্রেতা নেই
চলতি মৌসুমে গাইবান্ধার বিভিন্ন হাটবাজারে বোরো ধান উঠলেও ক্রেতা নেই। এ অবস্থায় অধিকাংশ কৃষকই পানির দরে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তাঁরা লাভের আশায় আবাদ করে উল্টো লোকসানের মুখে পড়ছেন।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার কয়েকটি হাটবাজারে ঘুরে দেখা গেছে, কৃষকেরা ধান বিক্রির জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো ক্রেতা নেই।
গত বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন কুপতলা গ্রামের কৃষক হাফিজার মিয়া (৫৫)। তিনি বলেন, ‘জমি ছাড়া আমাদের আয়ের কোনো পথ নেই। আমরা ধার-দেনা করে আবাদ করি। মৌসুমের সময় ধান বিক্রি করে দেনা পরিশোধ করি। এমনকি ধান কর্তনের জন্য শ্রমিক খরচও ধান বিক্রি করে দিতে হয়। আজকে (বৃহস্পতিবার) বিকেল থেকে বাজারে অপেক্ষা করে ধান বিক্রি করতে পারিনি। বাধ্য হয়ে সন্ধ্যায় এক চাতালমালিককে এক মণ ধান দিয়ে ৪০০ টাকা নিয়েছি।’ একই গ্রামের কৃষক হায়দার আলী (৪৫) বলেন, এবার তিনি এক বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানের বীজ, সার, রোপণ-কর্তন শ্রমিকসহ মোট উৎপাদন খরচ হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার টাকা। কিন্তু বিআর-২৮ জাতের ধান উৎপাদিত হয়েছে মাত্র ১৭ মণ। বর্তমানে বাজারে প্রতি মণ ধানের দাম ৪০০-৪৫০ টাকা। সর্ব্বোচ ৪৫০ টাকা হিসাবে ১৭ মণ ধান বিক্রি করে তিননি পেয়েছেন ৭ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ এক বিঘা জমিতে তাঁর লোকসান দিতে হয়েছে ২ হাজার ৮৫০ টাকা।
কুপতলার পাশের লক্ষ্মীপুর হাটেও একই রকম চিত্র দেখা গেছে। ওই হাটে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কৃষক আবদুল মান্নান (৪৮) বলেন, ‘বোরোর আবাদ করি নাব হওয়া দূরের কতা, এক বিগে জমিত ম্যালা ট্যাকা নোকসান দেওয়া নাগলো। নোকসান হলেও হামার ঘরে করব্যার কিচু নাই। বাপ-দাদার আমল থাকি আবাদ করব্যার নাগচে, তাই হামরাও বাপ-দাদার পেশা ধরি আচি।’
গতকাল শুক্রবার দারিয়াপুর হাটে আসা বামনি গ্রামের কৃষক হারুন মিয়া (৫২) বলেন, ‘এমনি আবাদের খরচ ওঠে না, তার ওপর ধানের দাম নাই। বাজারোত ধান নিয়্যা গেলে কাইয়ো দাম কয়না। বাদ্য হয়্যা ফরিয়া ব্যাপারীর কাচে এক মণ ধান ৪৫০ ট্যাকা বেচপার নাগচি।’
লক্ষ্মীপুর গ্রামের ধান ব্যবসায়ী আবদুল মালেক বলেন, ‘সরকারিভাবে ধান কেনা এখনো শুরু হয়নি। এ কারণে বড় ব্যবসায়ীরা ধান কিনতে আগ্রহী নন। কম দামে ধান কিনে চাতালমালিকের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক রুহুল আমিন বলেন, এবার জেলায় ১ লাখ ২৭ হাজার ১২৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এ বছর ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৬৭ মেট্রিক টন। ধানের দাম কম হওয়ায় কৃষকদের উৎপাদন খরচই উঠে আসছে না।