গাইবান্ধায় হিমাগারে ডাকাতি গ্রেপ্তার ১
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট আর ভরসা হিমাগারে শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নৈশপ্রহরীসহ কর্মচারীদের বেঁধে রেখে ৩০ হাজার টাকা ও ছয়টি গরু লুট করেছে। ডাকাতি করে পালানোর সময় এনামুল হক নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলায়।পুলিশ জানায়, শনিবার রাত তিনটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাক নিয়ে ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ৫০০ গজ দূরে ঢাকা-রংপুর মহাসড়কসংলগ্ন আর ভরসা হিমাগারে যায়। তারা হিমাগারের নৈশপ্রহরী রুবেল মিয়া ও তিন কর্মচারীর হাত-পা বেঁধে কার্যালয়ের চাবি নেয়। পরে তারা টেবিলের ড্রয়ার থেকে ৩০ হাজার টাকা ও হিমাগারের ভেতরের একটি খামার থেকে ছয়টি গরু লুট করে। নৈশপ্রহরীর চিৎকারে মহাসড়কে টহলরত পুলিশ ও আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা গরুসহ ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ডাকাতদলের সদস্য এনামুল ট্রাকে উঠতে না পারায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ এনামুলকে নিয়ে গতকাল গরু উদ্ধারের জন্য বগুড়ায় যায়। কিন্তু গতকাল দুপুর পর্যন্ত গরু উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। সাদুল্যাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে।