গাইবান্ধায় ১০ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১০ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা দায়ের হয়েছে। একাত্তরের যুদ্ধ চলাকালে দুই সহোদরকে জবাই করে হত্যার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা রেকর্ড করা হয়।পুলিশ জানায়, উপজেলার কাটাবাড়ি গ্রামের রাজাকার কমান্ডার ও হানাদার বাহিনীর সহযোগী মোফাজ্জল ওরফে মোফাসহ ১০ জন রাজাকার একই গ্রামের অমেশ মণ্ডল ও মোনা মিয়াকে বাড়ি থেকে ধরে কোমরে রশি বেঁধে তেলেংগা নামক স্থানে নিয়ে যায়। সেখানে রাজাকাররা সহোদর অমেশ ও মোনাকে হত্যার পর তাঁদের একটি কুয়ায় মাটিচাপা দেয়। ঘটনাটি নিহত সহোদরদের ভাই মহির উদ্দিনসহ কয়েকজন গোপনে দেখে ফেলেন। এই ঘটনার ৩৮ বছর পর মহির উদ্দিন ২০০৯ সালে গাইবান্ধা মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত গত বৃহস্পতিবার মামলাটি রেকর্ড করার জন্য গোবিন্দগঞ্জ থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ পাওয়ার পর ওই দিনই অভিযোগটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়।মামলার আসামিরা হচ্ছে: উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের রাজাকার কমান্ডার মোফাজ্জল ওরফে মোফা, কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ কলোনির পাঁচ সহোদর আবদুল করিম খান, শামিম খান, আবদুল মজিদ খান, শরফ উদ্দীন খান, শামছুল ইসলাম খান; একই ইউনিয়নের হামিদপুর চিত্তাপাড়া গ্রামের সেকেন্দার আলী, আবদুর রশিদ; বগুড়াপাড়ার শহীদ আলী ও মালিকাবাদ গ্রামের ইসমাইল হোসেন।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, গত বৃহস্পতিবার আদালত থেকে নির্দেশ পাওয়ার পর ওই দিনই মামলাটি রেকর্ড করা হয়। মামলার তদন্তকাজও শুরু হয়েছে।