গাইবান্ধায় ১২ বিদ্যালয় বন্ধ, লেখাপড়া ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় চলতি এইচএসসি পরীক্ষার ভেন্যু স্থাপনের কারণে জেলার ১২টি বিদ্যালয় বন্ধ রয়েছে। ফলে এসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। ৫ এপ্রিল শুরু হওয়া এবারের এইচএসসি পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত। ফলে শিক্ষার্থীরা প্রায় এক মাস পাঠগ্রহণ থেকে বঞ্চিত হবে।জেলা প্রশাসক অফিস সূত্র জানায়, সাত উপজেলায় ২৩টি কলেজে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১২টি বিদ্যালয়ে ভেন্যু স্থাপন করে পরীক্ষা নেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা আদর্শ কলেজের ভেন্যু পার্শ্ববর্তী আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে স্থাপন করা হয়েছে। বিদ্যালয় ও কলেজের ছাত্রী আয়শা আক্তার ও রিতু খাতুন বলে, এক মাস ক্লাস না হওয়ার কারণে পিছিয়ে গেলাম। বার্ষিক পরীক্ষার আগে পুরো বই পাঠগ্রহণ শেষ করতে পারব না।’একই বিদ্যালয়ের অভিভাবক ও শহরের পলাশপাড়ার ব্যবসায়ী আবদুস সালাম বলেন, কলেজ পর্যায়ের পরীক্ষার কারণে বিদ্যালয় বন্ধ থাকা উচিত নয়।কলেজের অধ্যক্ষ গোলাম আযম বলেন, এমনিতে বছরের ৮৫ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তাই বিদ্যালয়ে ভেন্যু না করার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন জানানো হয়েছিল। তার পরও এখানে প্রভাব খাটিয়ে ভেন্যু করায় লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আবদুুল জব্বার ডিগ্রি কলেজ কেন্দ্রের ভেন্যু ধর্মপুর ডিডিএম উচ্চবিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন থেকে পরীক্ষার দিন বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।সাঘাটা উপজেলার সাঘাটা কলেজের ভেন্যু সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। উপজেলার চিনিরপটল গ্রামের অভিভাবক আজিজার রহমান বলেন, ‘আমরা গরিব মানুষ। ছেলেমেয়েদের প্রাইভেট পড়ানোর সামর্থ্য নেই। বিদ্যালয়ে শিক্ষকদের পাঠদানের ওপর আমাদের ছেলেমেয়েরা নির্ভর করে। কিন্তু বিদ্যালয় বন্ধের কারণে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ভাঙনকবলিত এসব এলাকার ছাত্রছাত্রীরা এমনিতেই পিছিয়ে আছে। উপরন্তু দীর্ঘ সময় পাঠদান বন্ধ থাকায় তারা আরও ক্ষতিগ্রস্ত হবে। আপত্তি জানানোর পরও প্রশাসন এখানে ভেন্যু দিয়েছে।জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম লেখাপড়া ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী নিজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। তাই ওই সব বিদ্যালয়ে ভেন্যু করা হয়েছে।