গাইবান্ধায় ১৬০০ টেলিফোন দুই সপ্তাহ ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরে এক হাজার ৬০০ টেলিফোন সংযোগ ১৪ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) তার চুরি যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে গ্রাহকেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বিটিসিএল গাইবান্ধা কার্যালয় সূত্রে জানা গেছে, ২ জুন রাতে শহরের ভিএইড সড়কের ভূগর্ভস্থ লাইনের ৩০ গজ অপটিক্যাল ফাইবার কেব্ল চুরি যায়। তখন থেকে শহরের প্রায় এক হাজার ৬০০ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে শহরের ভিএইড রোড, পূর্বপাড়া, কুঠিপাড়া, স্কুল লেন, গোরস্থানপাড়া, ওয়াপদাপাড়া, পি কে বিশ্বাস রোড, থানাপাড়া এলাকার গ্রাহকদের সমস্যা হচ্ছে।শহরের কুঠিপাড়ার টেলিফোনের গ্রাহক নজরুল ইসলাম জানান, সংযোগ চালুর জন্য স্থানীয় টেলিফোন অফিসে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিটিসিএলের গাইবান্ধা কার্যালয়ের সহকারী প্রকৌশলী (ফোন) কফিল উদ্দিন বলেন, চুরি যাওয়া কেবেলর দাম প্রায় তিন লাখ টাকা। চুরির ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরও বলেন, কেব্ল ক্রয় ও টেলিফোন লাইন সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে বিটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।