গাইবান্ধায় ২৩ দিন পর উদ্ধার হলো সেই ইঞ্জিন
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে ট্রেন দুর্ঘটনার ২৩ দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত প্রায় ৫৬ ঘণ্টার চেষ্টায় ইঞ্জিনটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (লোকো) মোশারফ হোসেন বলেন, লালমনিরহাট থেকে ৪০ টন এবং বোনারপাড়া থেকে ২০ টন উত্তোলনের ক্ষমতাসম্পন্ন দুটি উদ্ধারকারী ট্রেন এনে ৭০ টন ওজনের ইঞ্জিনটি উদ্ধার করা হয়।
গাইবান্ধার বামনডাঙ্গা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী (পথ) দীপক কুমার পাল বলেন, অবরোধের কারণে এত দিন ইঞ্জিনটি উদ্ধার করা যায়নি। গতকাল উদ্ধারের পর সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে উদ্ধার কাজের জন্য মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর দিবাগত রাতে সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনের অদূরে বুরুঙ্গি নামক স্থানে ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন।