গাউছিয়ায় কেনাকাটার ফাঁকে ইফতার
নারীদের প্রিয় রাজধানীর গাউছিয়া মার্কেট। এখানে এখনো ঈদের কেনাবেচার ধামাকা শুরু হয়নি। দোকানিরা তাঁদের পসরা সাজাতে ব্যস্ত। ফাঁকে অল্পবিস্তর ক্রেতাদের আনাগোনা। কেনাবেচা কম হওয়ায় দোকানিরা এখন ইফতারের আয়োজনের ব্যাপারেই বেশি আন্তরিক। সেই আন্তরিকতার রূপ আরও প্রসারিত হয় যখন দেখা যায়, মার্কেটের মালিক-কর্মচারী-ক্রেতারা একসঙ্গে বসে ইফতারি খাচ্ছেন। গতকাল শনিবার ইফতারের সময় গাউছিয়া মার্কেটে এ দৃশ্য দেখা গেছে। মার্কেটের ফাস্টফুডের দোকানগুলোর দৃশ্য আরও সৌহার্দ্যপূর্ণ। নারী ও পুরুষ ক্রেতাদের দেখা গেছে একটি পরিবারের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিংবা বসে ইফতারি খেতে। গাউছিয়া মার্কেট-সংলগ্ন চিশতিয়া মার্কেট, নূর ম্যানশন, ইসমাইল ম্যানশন ও হোসাইনিয়া মার্কেটেও দেখা গেছে একই দৃশ্য। সবার ইফতারের আয়োজনই প্রায় অভিন্ন। ইফতারির উপকরণে ছিল শরবত, আম, আপেল, আনারস, খেজুর, পেয়ারা, নাশপাতি, লেবু, মালটা, শসা, পুদিনাপাতা, কলা, জিলাপি এবং ছোলা ভাজা ও বেগুনি দিয়ে মাখানো মুড়িভর্তা। এসব উপকরণ কেনা হয় কাছের রেস্টুরেন্ট এবং ফুটপাতের দোকান থেকে। তবে ফলগুলো কেনা হয় পাশের নিউমার্কেট কাঁচাবাজার থেকে। ইফতারের আধা ঘণ্টা আগে কাপড়ের দোকান ‘মডার্ন কালেকশন’-এর রাকিব হোসেন ও দীন ইসলামকে দেখা গেল ইফতারের আয়োজন করতে। তাঁরা দুজন বসে বসে আম, আপেল, লেবু, মালটা, শসা, পুদিনাপাতা, কলা—এসব কাটাকাটি করছিলেন।ইফতারকে কেন্দ্র করে মার্কেটের বাইরে ফুটপাতে ইফতারির উপকরণ কেনাবেচার পসরাও বসে। এসব দোকান বসে ইফতারের এক ঘণ্টা আগে। ইফতারের পর থাকে না। গতকাল দোকানি জুয়েলকে দেখা গেছে শিক কাবাব বিক্রি করতে। মিজানুর রহমানের ব্যবসার ধরন আরও অভিনব। তিনি পলিথিনের মিনি প্যাকেটে সরিষার তেল বিক্রি করছিলেন। দাম পাঁচ টাকা। জাকির হোসেন বসেছিলেন কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, লেবু ও পুদিনাপাতা নিয়ে। তাঁরা বলেন, মুড়িভর্তা বানাতে এসব উপাদান লাগে। মোহাম্মদ মিন্টু নিয়ে বসেছিলেন বরফ। তিনি বললেন, ‘রোজাদারেরা শরবতের সঙ্গে বরফ মেশাতে পছন্দ করেন।’ইফতারের ১৫ মিনিট আগেই মার্কেটের সরু গলিগুলো ফাঁকা হয়ে যায়। দোকানিরা বিক্রি বন্ধ করে বসেন ইফতারের আয়োজন নিয়ে। তাঁদের সঙ্গে মাঝেমধ্যে ক্রেতারাও বসে যান। তবে বেশির ভাগ ক্রেতাই ইফতার করেন মার্কেটের ভেতরে অবস্থিত বিভিন্ন খাবারের দোকানে। খালেদা আক্তার তাঁর স্বামীর সঙ্গে এসেছিলেন গাউছিয়ায়। ইফতারের ১৫ মিনিট আগেই তাঁরা একটি খাবারের দোকানে ইফতারি নিয়ে বসেন। তিনি বলেন, ‘ইচ্ছে ছিল, কেনাকাটা শেষে বাসায় গিয়ে ইফতার করব। কিন্তু কেনাকাটা শেষ হয়নি বলে এখানেই ইফতার করতে হচ্ছে।’ইফতারের সময় শীতল গার্মেন্টসের মালিক-কর্মচারীদের দেখা গেছে দোকানের গদির ওপর আসন পেতে বসতে। তাঁরা বসেছিলেন মোট ১৮ জন। তাঁদের মধ্যে দুজন ক্রেতাও আছেন। দোকানের মালিক আবদুর রহিম বলেন, ‘সামাজিক রেওয়াজ অনুযায়ী ক্রেতাদের আমাদের সঙ্গে ইফতার করার আমন্ত্রণ জানিয়ে থাকি। অনেকেই সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন। বিষয়টি আমাদের ভালো লাগে।’