গাউছিয়ায় বৈচিত্র্য, মিরপুরে স্বদেশি
পঞ্চগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন ঢাকায় এসেছেন পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে। সায়েন্স ল্যাবরেটরির কাছে পোশাকের দোকান ‘নবাব পাঞ্জাবি’তে গিয়ে যে দুটি পাঞ্জাবি পছন্দ হলো, তার একটির নাম ‘দিল কা ধাড়কান’, অন্যটি ‘রাবণ’। বিক্রেতা একটির দাম চার হাজার, অন্যটি সাড়ে তিন হাজার টাকা চাইলেন। ওই দুটি রেখে শেষমেশ ৮০০ টাকা দিয়ে দেশি ‘নগরবাউল পাঞ্জাবি’ কিনে গাউছিয়ার দিকে রওনা দিলেন তিনি। কেনাকাটা কেমন চলছে, জানতে চাইলে শুকনো মুখে ফারুক বললেন, ‘মধ্যবিত্তের ঈদ তো বোঝেনই ভাই, পোশাক পছন্দ হচ্ছে কিন্তু দামে পোষাচ্ছে না।’ গাউছিয়া মার্কেটের দোতলায় মেয়েদের পোশাকের দোকান সাজঘরের সামনে ছোট্ট তানিশা ‘অক্টোপাস’ ফ্রক পছন্দ করেছে। দোকানি দাম হেঁকেছেন দুই হাজার ১০০ টাকা। দাম শুনে আতকে উঠেছেন মা সোনিয়া আক্তার। কিন্তু মুশকিল হলো, কোনোভাবেই মেয়েকে সরিয়ে অন্য দোকানে নিতে পারছেন না। তার অক্টোপাস চাই-ই চাই। সাধ ও সাধ্যের টানাপোড়েনে ভোগা মধ্যবিত্তের ঈদ-বাজারের ভরসা মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরির বিপরীত পাশের পাঞ্জাবির মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউছিয়া, চাঁদনীচক। কম দামে হাল ফ্যাশনের পোশাক কিনতে ভিড় করা ক্রেতাদের আকর্ষণ করতে সেখানকার বিক্রেতারা নিয়েছেন নানা কৌশল। হিন্দি ছবি ও চরিত্রের নাম থেকে শুরু করে বিশ্বমাতানো চরিত্র ও গায়ক-গায়িকার নাম লিখে পোশাক টাঙিয়ে রেখেছেন দোকানিরা। পুরো মিরপুর রোডের দুই পাশের ফুটপাত এখন হকারদের দখলে। রকমারি পণ্যের বিপুল বৈচিত্র্য। জুতো থেকে শুরু করে গৃহস্থালি জিনিস সবকিছুই মিলছে সেখানে। ওদিকে মিরপুর ১০ নম্বর সড়ক থেকে শুরু করে ২ নম্বর গোলচক্কর পর্যন্ত গড়ে উঠেছে দেশি পোশাকের বিপণিবিতান। আড়ং, কে ক্র্যাফট, বাংলার মেলা, কিংশুক-প্রথমা, পল্লী, নোঙর থেকে শুরু করে টেক্সমার্ট সবারই শাখা রয়েছে ওই সারিতে। দামও হাতের নাগালে থাকায় ক্রেতাদের ভিড় যথেষ্ট।মিরপুরের এসব বিক্রেতার ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল হলো ‘দেশীয় ঐতিহ্য’। ৩০০ থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে হরেক ডিজাইনের পোশাকের সমাহার রয়েছে এখানে। নরসিংদী, পাবনা, সিরাজগঞ্জ আর কুমিল্লার সুতি কাপড়ে তৈরি এসব পোশাকের ডিজাইনারের বেশির ভাগই চারুকলায় উচ্চশিক্ষা নেওয়া তরুণ। সাদা আর কালোর পাশাপাশি উজ্জ্বল রঙের পোশাকের চাহিদাও সেখানে দিন দিন বাড়ছে। দেশীয় রং আর ডিজাইনের সালোয়ার-কামিজ আর শাড়ির পসরা সাজিয়ে বসা কিংশুক প্রথমায় গিয়ে দেখা গেল উজ্জ্বল রঙের পোশাকের প্রতিই ক্রেতাদের নজর বেশি। মিরপুর ৬ নম্বরের আফরোজা আক্তার জানালেন, সীমিত বাজেটের মধ্যে পছন্দসই ডিজাইন পান বলেই মিরপুরের বুটিকের দোকানগুলোতে কেনাকাটা করতে আসেন । কিংশুক প্রথমার স্বত্বাধিকারী কাজী আখতার উদ্দিন জানান, মূলত শিক্ষিত ও চাকরিজীবী ক্রেতারাই তাঁর দোকানে বেশি আসেন। লতা, পাতা, ফুল, কলকা দিয়ে ডিজাইন করা পোশাক বেশি চলে।