গাওয়াইর-ধোবাদিয়া সড়ক বেহাল
রাজধানীর দক্ষিণখান থানার গাওয়াইর বাজার থেকে ধোবাদিয়া সেতু পর্যন্ত রাস্তা বেহাল। প্রায় এই দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বেশ কিছু স্থান এখন চলাচলের প্রায় অনুপযোগী।
সরেজমিনে দেখা গেছে, গাওয়াইর থেকে সরদারবাড়ি পর্যন্ত রাস্তার কার্পেটিং উঠে গেছে। ইটের খোয়া বের হয়ে রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো চলছে হেলেদুলে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। অনেক জায়গায় পায়ে হেঁটে চলারও জো নেই। বৃষ্টি হলে পানি জমে যায়, আর শুকনো সময়ে বের হয়ে থাকা ইটের খোয়ার কারণে ঠিকমতো পা ফেলাই দায়।
রাস্তার পাশে নির্মাণ করা হচ্ছে নতুন বাড়ি। আর নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে রাস্তার পাশেই। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে।
স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। যানজট সৃষ্টি হচ্ছে। গত সোমবার বৃষ্টির কারণে রাস্তার ভাঙা অংশগুলোতে পানি জমে যায়। এসব খাদে পড়ে প্রায়ই রিকশা উল্টে যায়।
নোয়াপাড়ার বাসিন্দা আবু হানিফ বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে অনেক কষ্ট করে যাতায়াত করছি। অনেক দিন ধরে রাস্তা বেহাল। কিন্তু কর্তৃপক্ষ এটি সংস্কারে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। রাস্তার খারাপ অবস্থার কারণে বেড়ে গেছে যাত্রী-ভাড়া। কোথাও রিকশায় যেতে চাইলে যাত্রীদের গুনতে হচ্ছে ১০-১৫ টাকার বেশি। আমতলীর সোহেল খান বলেন, রাস্তা খারাপ থাকার কারণ রিকশাচালকেরা বেশি ভাড়া দাবি করেন, নির্দিষ্ট ভাড়ায় যেতে রাজি হন না।
রাস্তার এ বেহাল নিয়ে দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের সচিব মাহবুব আলম বলেন, কসাইবাড়ি রেলগেট থেকে ধোবাদিয়া সেতু ও আজমপুর রেলগেট থেকে শাহফকির মাজার পর্যন্ত তিন কিলোমিটার করে মোট ছয় কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রকল্পটি পাস হলে ৬০ ফুট প্রস্থের নতুন রাস্তা নির্মাণ করা হবে।
রাস্তার জলাবদ্ধতা প্রসঙ্গে মাহবুব বলেন, রাস্তার পাশের নালাগুলো খুব সরু। পর্যাপ্ত পানি নালাগুলো দিয়ে প্রবাহিত হতে পারে না। তা ছাড়া নালায় ময়লা-আবর্জনা ফেলার কারণে অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায়। নতুন রাস্তা নির্মাণ করার সময় দুপাশে চওড়া নালাও নির্মাণ করা হবে বলে তিনি জানান। এলাকাবাসীর অভিযোগ, নালা পরিষ্কার করে ময়লা-আবর্জনা নালার পাশেই ফেলে রাখা হয়। ফলে বৃষ্টি এলে আবর্জনাগুলো আবার নালাতেই গিয়ে পড়ে।