নাগরিক বিনোদনের অন্যতম মাধ্যম চলচ্চিত্র। গত আড়াই দশকে ঢাকায় তিনটি সিনেপ্লেক্স হলেও নতুন কোনো সিনেমা হল তৈরি হয়নি। এই শহরে নব্বইয়ের দশকে অর্ধশত সিনেমা হল থাকলেও কমতে কমতে হলের সংখ্যা এখন ২৬টিতে এসে ঠেকেছে। পুরোনো এসব হল নিয়েই এই সাপ্তাহিক আয়োজন
‘খোলামোড়া লঞ্চঘাট থেকে বুড়িগঙ্গার স্ফটিক স্বচ্ছ পানির ওপর দিয়ে নৌকাটি আমাদের সোয়ারীঘাটের কোল ঘেঁষে জিঞ্জিরা থানা ঘাটে নামিয়ে দেয়। সেখান থেকে বেশ খানিকটা হেঁটে আমরা বিশাল ছবিঘরের সামনে আসি। ভিড় ঠেলে বড়রা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন। ভেতরে ঢুকে দেখি প্রায় অন্ধকার ঘরটি কানায় কানায় পরিপূর্ণ। হঠাৎ সামনে পর্দায় আলো পড়ল আর জাতীয় সংগীত বেজে উঠল। লোকজন দাঁড়িয়ে গেল। এদিক-ওদিক তাকিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম।’
জীবনের প্রথম ছবি দেখার স্মৃতিচারণা করতে গিয়ে এভাবেই বললেন কেরানীগঞ্জের বামনশুর গ্রামের ঐতিহ্যবাহী দেওয়ান বাড়ির সদস্য সংগীতশিল্পী শাকির দেওয়ান। বাবার হাত ধরে শৈশবে তিনি গিয়েছিলেন এলাকার প্রথম সিনেমা হল নিউ গুলশান-এ। বিস্ময়ভরা চোখ নিয়ে সেদিন দেখেছিলেন ওয়াসিম, ববিতা, জাভেদ, সুচরিতা অভিনীত ইবনে মিজানের নিশান। ছবির একটা গানের কথা মনে আছে শাকির দেওয়ানের, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে...।’
নামের আগে নিউ (নতুন) শব্দটি থাকলেও নিউ গুলশান হলটি বেশ পুরোনো। সেই সময় বুড়িগঙ্গার এপারে বেশ কয়েকটি সিনেমা হল দাপটের সঙ্গে চলছিল। বিশেষ করে সদরঘাটে মুন ও স্টার নামে দুটি হল ছিল। তখন ঢাকার চলচ্চিত্রপাড়া গড়ে উঠেছিল ইসলামপুর এলাকায়। কিন্তু ওপারে অর্থাৎ কেরানীগঞ্জ এলাকায় সিনেমা হল দূরে থাক, অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছেনি তখনো।
আশির দশকে হলটি পুরোপুরি চালু হলেও এর বীজ বপন করা হয়েছিল ২০ বছর আগে, ১৯৬০ সালে। নামটিও ওই সময়ে দেওয়া। কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকা প্রয়াত আবদুল কাদের হলটির প্রতিষ্ঠাতা।
বর্তমানে হলটির মালিক আবদুল কাদেরের পাঁচ ছেলে আমির হামজা, আমির আজম, আমির সাইফুল ইসলাম, আমির সাইদ ও আমির শাকিল।
গত বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের নিউ গুলশানের অফিসকক্ষে কথা হলো আমির হামজার সঙ্গে। তিনি বলেন, ‘লঞ্চের ব্যবসা ছিল আব্বার। সদরঘাটে নিয়মিত আসা–যাওয়া ছিল। একদিন ইসলামপুরে আড্ডা দিচ্ছিলেন প্যারাগন পিকচার্সের অফিসে। ওই সময় প্যারাগন পিকচার্সের খলিল উল্লাহ্ সাহেব আব্বাকে বললেন, গাঙের ওই পারে কোনো হল নাই, তুমি একটা দাও। সেই আড্ডায় ঠিক হয় কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে সিনেমা হল হবে।’ বাবার কাছ থেকে শোনা গল্পের স্মৃতিচারণা করতে গিয়ে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি এবং নিউ গুলশান সিনেমা লিমিটেডের চেয়ারম্যান আমির হামজা বলেন, আব্বা ষাটের দশকের শুরুর দিকে হলের নকশার অনুমোদন নেন। তৎকালীন ডিআইটির ইঞ্জিনিয়ার প্রফুল্ল কে হাওলাদার ভবনের নকশা করে দেন। পরিকল্পনা, জমি চূড়ান্ত করা, ভবনের গাঁথুনি ঠিক করতে করতে বেশ কয়েক বছর চলে যায়। ভবন নির্মাণে লেগে যায় ১৮ বছর। কেননা কেরানীগঞ্জের মূল শহর থেকে একটু দূরে এই জায়গাটা তখন নিচু জমি ছিল। আশপাশে কোনো বসতি ছিল না। ১৯৭৪ সালে ঋণের আবেদন করা হয়। ১৯৭৬ সালে সিনেমা হলের জন্য শিল্পব্যাংক থেকে ২৭ লাখ টাকার ঋণ পাস হয়। ইতিমধ্যে এলাকায় বিদ্যুৎ আসে। জমি ক্রয়, ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়—সব মিলিয়ে খরচ হয় ৮০ লাখ টাকা।
১৯৮০ সালে আইনজীবী আবুল হাসনাত (সাবেক মেয়র) আনুষ্ঠানিকভাবে হলটির কার্যক্রম উদ্বোধন করেন। ওই দিন হলে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুক্তিযোদ্ধা আলী জান। উদ্বোধনী দিনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন হলের কাজ চলছিল। মানুষ খালি জিজ্ঞেস করত, কবে হল হইবো। পয়লা দিন সিনেমার কথা শুইনা দুনিয়ার মানুষজন শামিল হইছিল, আশপাশের এলাকায় মানুষ ভইরা গেছিল গা।’
প্রথম দিন নিউ গুলশানে কাজী জহিরের অবুঝ মন ছবিটি বিনা মূল্যে দেখানো হয় দর্শকদের। যদিও ছবিটি মুক্তি পেয়েছিল বেশ আগেই। শুরু থেকেই এলাকায় বেশ সাড়া ফেলে নিউ গুলশান। বিশেষ করে বুড়িগঙ্গার ওই পারের কালীগঞ্জ, জিঞ্জিরাসহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাকপল্লি ও অন্যান্য কারখানা, বিপণিবিতানের কর্মীদের অবসরের আশ্রয় হয়ে ওঠে এই হল।
গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায়, নিউ গুলশান সিনেমা হলে চলছে শাকিব খানের কঠিন প্রতিশোধ। এটি পুরোনো ছবি। এ সপ্তাহে কোনো নতুন ছবি মুক্তি দেওয়া হয়নি বলে জানালেন হলের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। ‘এখন নতুন ছবির সংকট খুব, তা ছাড়া সব ধরনের ছবি এখানে চলে না’—বললেন জাহিদুল।
হলটি ঘুরিয়ে দেখালেন সুপারভাইজার সুমন দাস। নিউ গুলশানের পরিবেশ তুলনামূলকভাবে বেশ পরিচ্ছন্ন। টাইলসের ঝকঝকে মেঝে, নকশা করা দেয়াল। নারী-পুরুষের আলাদা অপেক্ষা ঘর। পর্যাপ্ত আলোর ব্যবস্থা।
প্রবেশপথে দায়িত্বরত কর্মী আজমত আলী বলেন, আগে প্রায় সব দিনই হাউসফুল থাকত। সবচেয়ে বেশি চলত রাজ্জাক-শাবানা, শাবানা-আলমগীর জুটির ছবি। কিছু কিছু ছবিতে নারী দর্শকের উপস্থিতি খুব বেশি হতো। যেমন সবুজ সাথী ছবিটিতে ১২ আনাই ছিল মহিলা দর্শক। ‘ছুটির ঘণ্টা দেইখা মহিলারা কানতে কানতে বাইর হইসে’ বললেন তিনি। আজমত আলীর সরল মন্তব্য, ‘মহিলারা এখন হলে ছবি দেখতে আহে না। ঘরে বইসা টিভিতে সিরিয়াল দেহে।’
হল চালুর দিন থেকে এখন পর্যন্ত ওপর তলায় ক্যানটিন চালাচ্ছেন গেন্ডারিয়া এলাকার বাসিন্দা সফিউল্লাহ। তিনি বলেন, ‘এমনও দেখেছি, ছবিতে খারাপ দৃশ্য থাকলে মালিক নিজেই ফিতা থেকে সেসব দৃশ্য কেটে দিতেন।’
হজরতপুর ইউনিয়ন থেকে স্ত্রী এবং শ্যালক-শ্যালিকাদের নিয়ে এসেছেন আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘শুক্রবার ছুটির দিন শ্বশুরবাড়িতে এসেছি। এরা বায়না ধরল বেড়াতে যাবে। বুড়িগঙ্গায় গেলে পচা পানির গন্ধ। এখানে ছোট হলটাতে এসি আছে। আরামে কিছু সময় কাটবে, ছবিও দেখা হলো।’
এখন আর সিনেমার সেই বাজার নেই। চলচ্চিত্রশিল্পে যখন মন্দা হাওয়া লাগে, তখন ২০০৮ সালে নিউ গুলশানের পাশাপাশি নিউ গুলশান মিনি নামে আরেকটি হল চালু করে কর্তৃপক্ষ। এটি শীতাতপনিয়ন্ত্রিত। আমির হামজা জানান, ‘দর্শক টানার জন্য আরেকটি হল চালু করি। যেন একাধিক ছবির টানে দর্শক হলমুখী হয়। তবে দিন দিন সময় কঠিন হচ্ছে। বিদ্যুৎ বিল দেওয়াও কষ্টকর হয়ে পড়ছে। তিনি বলেন, ‘যত দিন পারি অন্তত বাবার স্মৃতি হিসেবে আমরা ভাইয়েরা মিলে চালু রাখব নিউ গুলশান।’
গতকাল পড়ন্ত বিকেলে নিউ গুলশান হল থেকে যখন বের হই, তখন বাইরে সন্ধ্যার শো দেখার জন্য ছিল দর্শকের ভিড়। ফেরিওয়ালার কাছ থেকে চানাচুর–মুড়ি খাওয়ার পাশাপাশি চলছিল পোস্টার পেছনে রেখে সেলফি তোলার আয়োজন। দেখেই বোঝা যায়, শ্রমজীবী মানুষের সংখ্যাটাই বেশি। সপ্তাহের এই একটা দিনে তাদের ফুরসত মিললে আসেন সিনেমা দেখতে।
বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দিয়ে নয়াবাজার অভিমুখে ফিরতে নিচে নিচে চোখ পড়ে বুড়িগঙ্গার কালো পানিতে। আশির দশকের দর্শকের দেওয়া বুড়িগঙ্গার বর্ণনার সঙ্গে এই পানির যেমন অনেক তফাত; তেমন ফারাক আগের আর এখনকার চলচ্চিত্র ব্যবসায়ও।