গাছ আত্মসাতের অভিযোগে ঝালকাঠি পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশের এক কোটি টাকার গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল বুধবার ঝালকাঠির বিশেষ জজ আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার মামলা গ্রহণ করেন এবং দুর্নীতি দমন কমিশনের বরিশাল কার্যালয়কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় পৌরসভার সচিব শাহিনা আক্তার, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব কুমার নাথ ও মহিলা কাউন্সিলর রিজিয়া বেগমকেও আসািম করা হয়েছে। এর আগে গত ৫ মে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবীর খান বাদী হয়ে এক কোটি আড়াই লাখ টাকার গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগে মেয়র আফজাল হোসেন ও প্যানেল মেয়র প্রণব কুমার নাথের বিরুদ্ধে একই আদালতে অপর একটি মামলা দায়ের করেন।
গতকালের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, বিবাদীরা গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঝালকাঠি শহরের গার্লস স্কুল থেকে পূর্ব চাঁদকাঠি চৌমাথা এবং ফায়ার সার্ভিস মোড় থেকে নতুন কলেজ মোড় পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলাকালে সড়কের পাশের প্রায় ৪০-৫০ বছরের পুরোনো ১৫০টি মেহগনি ও ৫০টি রেইনট্রিগাছ বন বিভাগের অনুমতি ছাড়া কেটে টেন্ডার ছাড়াই বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
মেয়র আফজাল হোসেন বলেন, ‘১০ জন কাউন্সিলরের অনৈতিক দাবি পূরণ না করায় তাঁরা বিশেষ মহলের ইন্ধনে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগে আমার
বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ আমি কোনো গাছ নিলাম ছাড়া বিক্রি করিিন। সমগ্র ঝালকাঠি পৌরসভায়ও এক কোটি টাকার গাছ নেই।’
গত প্রায় এক বছর ধরে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন ও ১০ জন কাউন্সিলরের মধ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ওই কাউন্সিলররা মেয়রের অপসারণের দািবতে সাংবাদিক সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।