ঝোড়ো হাওয়ায় চট্টগ্রামের পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় লোকজন ও প্রশাসনের উদ্যোগে সড়ক থেকে গাছ সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঝড়ের কারণে উপজেলার বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শিলাবৃষ্টিসহ আচমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের মাজার গেট, শোলকাটা কালাবিবির দীঘি ও চাতরী-চৌমুহনী এলাকায় বেশ কিছু গাছ উপড়ে পড়ে। সড়কের চাতরী-চৌমুহনীসহ আশপাশ এলাকার ছয় কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম জানান, প্রশাসনের উদ্যোগে সড়ক থেকে গাছ সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ঝোড়ো হাওয়ায় মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় বিকেল থেকে উপজেলায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ হয়ে যায়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ-সংযোগ চালু করা যায়নি।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে জানান, পুরো উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক করতে চেষ্টা চলছে।