গাছ ও খুঁটি মাঝে রেখে নালা নির্মাণ
ফরিদপুর শহরের ব্যস্ততম একটি সড়কের পাশেই তিনটি তেঁতুল, দুটি মেহগনি ও তিনটি বিদ্যুতের খুঁটি মাঝে রেখে নর্দমা নির্মাণ করা হচ্ছে। এ নালা দিয়ে ময়লা-আবর্জনা ও পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে। এতে এলাকাবাসীর দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের সোনালী ব্যাংক গোয়ালচামট শাখার সামনে থেকে জগবন্ধু সুন্দরের আশ্রম শ্রীঅঙ্গন পর্যন্ত ২৬০ মিটার দৈর্ঘ্যের এ নালাটি ‘ফরিদপুর শহর উন্নয়ন প্রকল্পের’ অধীনে নির্মাণ করছে ফরিদপুর সওজ। শহর উন্নয়ন প্রকল্পের ৪ নম্বর গ্রুপের ঠিকাদার শাহীন খন্দকার নর্দমা নির্মাণের কাজ পেয়েছেন। এক মাস ধরে কাজ চলছে।সরেজমিনে দেখা গেছে, শহরের শ্রীঅঙ্গন মার্কেটের সামনে তিনটি বৈদ্যুতিক খাম্বা, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনের তিনটি তেঁতুলগাছ এবং সোনালী ব্যাংকের সামনে দুটি মেহগনিগাছ মাঝে রেখে ওই নর্দমাটি নির্মাণ করা হচ্ছে। এটি ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে করা হচ্ছে।ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার পর আমি সওজের নির্বাহী প্রকৌশলীকে এ ব্যাপারে আপত্তি দিই। তিনি গাছ কাটার ব্যাপারে দরপত্র-সংক্রান্ত জটিলতার কথা জানান। নর্দমার মধ্যে গাছ ও খাম্বা থাকলে এ নর্দমা এলাকাবাসীর কোনো কাজে আসবে না।’ঠিকাদার শাহীন খন্দকার বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। গাছ ও খাম্বা অপসারণ করে দিতে পারেনি সড়ক বিভাগ। সড়ক বিভাগ আমাদের বলেছে, গাছ ও খাম্বা নর্দমার মাঝে রেখেই কাজ শেষ করতে। আমরা সেভাবেই কাজ করছি। সওজের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ‘গাছগুলোর মালিক সড়ক বিভাগ। সেগুলো আমরা অপসারণের ব্যবস্থা করব। কিন্তু তিনটি বৈদ্যুতিক খাম্বা বিদ্যুৎ বিভাগকে বলেও আমরা অপসারণ করাতে পারিনি। এ কারণে খাম্বাগুলো মাঝে রেখেই নর্দমার কাজ চালাতে হবে।’ পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান (ওজোপাডিকো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কুদ্দুস মোল্লা বলেন, ‘সড়ক বিভাগ ওই খাম্বাগুলো অপসারণ করতে আমাদের বলেনি। তাই নর্দমার মধ্যে খাম্বাগুলো রয়ে গেছে। প্রয়োজনে এ বিষয়ে সড়ক বিভাগের সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি আছি।’