গাছ ও পৃথিবী বাঁচাতে শৈল্পিক আকুলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে ঢুকে বাঁ-দিকে তাকালেই চোখে পড়ে দৃশ্যটি। বেশ কয়েকটি গাছের কাটা গুঁড়ি। তার ওপর থেকে ঝুলে আছে অনেকগুলো রক্তাক্ত হাত। যেন আবার আসছে, আবার কাটবে গাছ। সে সঙ্গে ধ্বংস করবে পৃথিবীর ভারসাম্য। এই স্থাপনাকর্মটি করেছেন শিল্পী গুলশান হোসাইন। গতকাল সোমবার থেকে এখানে শুরু হয়েছে তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সেইভ আওয়ার ট্রিস—সেইভ আওয়ার প্ল্যানেট’ সেই প্রদর্শনীতে এই স্থাপনাসহ রয়েছে ১৫টি চিত্রকর্ম। শিল্পী বললেন—‘প্রতিটি চিত্রকর্মেই রয়েছে বৃক্ষনিধনের প্রভাব। এর ফলে জলবায়ু পরিবর্তনে কী বিরূপ প্রতিক্রিয়া পড়বে, তার কথা বলা হয়েছে।’ সন্ধ্যায় গ্যেটে ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আর্স হেরেন এবং শিল্পসমালোচক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনীর চিত্রকর্মগুলো মিশ্র মাধ্যমের। গ্যেটে ইনস্টিটিউটের দোতলার গ্যালারি এবং সিঁড়িতে রয়েছে চিত্রকর্ম। প্রতিটি ছবির নাম শুনেই কল্পনা করা যাবে ছবিগুলো কেমন। আগুনে পোড়া গাছের ছবিটির নাম, ‘ট্রিস অন ফায়ার’। অন্য একটির নাম ‘ইফেক্টস অব ডিফরেস্টেশন অন আর্থ’। মানুষের যেমন স্বপ্ন আছে, তেমনি গাছেরও স্বপ্ন আছে। একদিন বড় হয়ে এই গাছ মানুষের পৃথিবীতেই ফুল দেবে, ফল দেবে, কিন্তু গাছ কেটে গাছের স্বপ্নভঙ্গের কারণ হলো মানুষ। ‘ব্রোকেন ড্রিম’ নামের ছবিটিতে ঠিক এ কথাগুলো বলার চেষ্টা করেছেন শিল্পী। ‘প্লিজ ডোন্ট কিল আস’, ‘প্লিজ সেইভ আস’ ছবিগুলোতে কাটা গাছগুলোর আকুলতা ফুটে উঠেছে। গাছ কাটার ফলে পৃথিবী ক্রমান্বয়ে মরুভূমি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে—সে দৃশ্য তুলে ধরার চেষ্টা আছে চিত্রকর্মে। শিল্পী গুলশান হোসাইনের এই ১৩তম একক প্রদর্শনীটি চলবে ২৪ মে পর্যন্ত। আর শেষ দিনে ঠিক একই বিষয় নিয়ে শিল্পীর তোলা আলোকচিত্রের স্লাইড শো প্রদর্শিত হবে। শিল্পকলায় যাত্রারাজধানীর শিল্পকলা একাডেমী চত্বরে বিশাল মঞ্চ। সন্ধ্যায় সেখানে শোনা গেল ঢোল, তবলা, বাঁশি ও হারমোনিয়ামের সুর। শুরু হয়েছে মাসব্যাপী মহানগর যাত্রা প্রদর্শনী । প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ। যাত্রাপালার উদ্বোধন করেন প্রধান অতিথি নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। পরিষদের সভাপতি রমজান আলী মিয়ার সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মিলন কান্তি দে, লিয়াকত আলী প্রমুখ। উদ্বোধনী দিনে গতকাল সন্ধ্যায় পরিবেশিত হয় ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় রচিত দেবী সুলতানা এবং রাতে রঞ্জন দেবনাথ রচিত মেঘে ঢাকা তারা। আনন্দ অপেরা পরিবেশিত এ পালা দুটি নির্দেশনা দিয়েছেন কবির খান ও বকুল হায়দার। এখানে প্রতিদিন দুটি করে পালা হবে। সন্ধ্যা সাতটা ও রাত ১১টায়। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে—আনন্দ অপেরা, সংগীতা যাত্রা ইউনিট, অগ্রগামী যাত্রা ইউনিট, কোহিনূর অপেরা, আজাদ অপেরা, বিশ্বেস্বরী অপেরা, বলাকা অপেরা, নিউ রঙ্গমহল অপেরা ইত্যাদি। অন্যদিকে ৬ মে থেকে বাংলাদেশে শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হচ্ছে সাত দিনের যাত্রা উৎসব। জাতীয় নাট্যশালার পরীক্ষন থিয়েটার হলে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন মামুনুর রশীদ।জয়নুল গ্যালারিতে ‘টেরাকোটা’ প্রদর্শনী শুরুঢাকা বিশ্ববিদ্যালয় মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘টেরাকোটা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী গতকাল সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী এবং মৃৎশিল্প বিভাগের খণ্ডকালীন শিক্ষক শিল্পী মইনুদ্দীন খালেদ বক্তব্য দেন। প্রদর্শনীতে তিনজন শিক্ষক এবং ছয়জন শিক্ষার্থীর ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৯ মে রোববার পর্যন্ত। বেঙ্গলে হামিদুজ্জামান খানের চিত্রকলা প্রদর্শনী শুরু আজ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুরু হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের ‘কালো আঁধারী’ শীর্ষক একক চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল গ্যালারিতে ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক রফিকুন নবী, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত এবং সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গতকাল বেঙ্গল ক্যাফেতে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন শিল্পী হামিদুজ্জামান খান, গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী ও ব্যবস্থাপক সারোয়ার জাহান।প্রদর্শনীতে ভাস্কর্য ও চিত্রকর্মের সংখ্যা যথাক্রমে ১৩ ও ৪৪। প্রদর্শনী ১৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।