গাছ ও বাঁশে ঝুলছে ৪০০ সড়ক বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী পৌর শহরে গাছ, কাঠ ও বাঁশের খুঁটির সঙ্গে ঝুলছে ৪০০ সড়ক বাতি। পৌরসভার বাসিন্দারা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এসব সড়কে চলাচল করছে।

পৌরসভা কার্যালয় সূত্র জানায়, পৌর শহরে ৯৯৪টি বৈদ্যুতিক খুঁটিতে সড়ক বাতি আছে। এর মধ্যে ৪০০ সড়ক বাতিই জীবন্ত গাছ, কাঠ ও বাঁশের খুঁটির সঙ্গে লাগানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বরগুনা বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত এক নির্বাহী প্রকৌশলী জানান, জীবন্ত গাছের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা বিদ্যুৎপ্রবাহ আইন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। কারণ, জীবন্ত গাছ এমনিতেই অতিমাত্রায় বিদ্যুৎ পরিবাহী। আর বর্ষায় ভেজা গাছ আরও বেশি ঝুঁকিপূর্ণ। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, তিন বছর ধরে গাছের সঙ্গে এসব বৈদ্যুতিক সড়ক বাতি লাগানো আছে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই এসব খুঁটির তার ছিঁড়ে সড়কে পড়ে থাকে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তাঁরা।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, বেতাগী পৌর শহরের খারাকান্দা, মধ্য বেতাগী, আরাগাজী, কুমারের খালপাড়, মাদ্রাসা সড়কসহ পৌর শহরের বিভিন্ন এলাকায় জীবন্ত গাবগাছ, সুপারিগাছ ও বাঁশের খুঁটির সঙ্গে বৈদ্যুতিক সড়ক বাতি লাগানো হয়েছে। চিকন অ্যালুমিনিয়ামের তার (৫/১৪) দিয়ে প্রায় ৪০ হাজার ফুট দীর্ঘ সঞ্চালন লাইন টেনে এসব সড়ক বাতি লাগানো হয়েছে।

কলেজ শিক্ষার্থী সুমি আক্তার বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন আমরা কলেজে যাওয়া-আসা করি। এভাবে জীবন্ত গাছ ও বাঁশের খুঁটিতে বিদ্যুৎ লাইন জুড়ে দেওয়ায় আমরা সামান্য বাতাস হলেই আশঙ্কায় থাকি কখন এসব ছিঁড়ে পড়ে।’ মধ্য বেতাগীর চালকল শ্রমিক নবীন মোল্লা জানান, তিন বছর ধরে বিদ্যুতের লাইনগুলো এই অবস্থায় চলছে।

জানতে চাইলে পল্লীবিদ্যুৎ সমিতির বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ রকম ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কোনো তথ্য আমার জানা নেই। তবে এ রকম ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন থাকলে পৌর মেয়রকে বলে তা অপসারণ করা হবে।’

পৌর মেয়র এ বি এম গোলাম কবির প্রথম অলোকে বলেন, ‘সাবেক মেয়র আলতাফ হোসেন ভোটারদের তাঁর পক্ষে নেওয়ার জন্য কথিত উন্নয়নের নামে পৌর নাগরিকদের ঝুঁকিতে ফেলে এভাবে গাছ ও বাঁশের খুঁটি এবং জীবন্ত গাছের সঙ্গে সড়কবাতি লাগিয়েছেন। অচিরেই আমরা এসব ঝুঁকিপূর্ণ সড়ক বাতি অপসারণ ও নতুন বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শুরু করব।’