গাছ কাটছে শিবির বিক্রি করছে ছাত্রলীগ!
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন সড়কে সরকারি গাছ কেটে ফেলে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। কাটা এই গাছগুলো নিয়ে ছাত্রলীগের নেতারা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের (রায়পুর অংশ) ওপর শিবিরের কর্মীরা অর্ধশত গাছ কেটে ফেলে রাখেন। এ ছাড়া রায়পুর-হায়দরগঞ্জ, রায়পুর-রামগঞ্জ, রায়পুর-খাসেরহাট-হাজীমারাসহ বিভিন্ন সড়কের ওপর কমপক্ষে দুই শতাধিক গাছ কেটে ফেলে অবরোধ করা হয়। বিভিন্ন সড়ক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কিছু গাছ নিয়ে বিক্রি করে দেন। স্কুলশিক্ষক মাহবুবুর রহমান জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ছাত্রলীগ লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের শিকদার রাস্তা এলাকার ১০-১৫ হাজার টাকা মূল্যের কয়েকটি গাছ নিয়ে বিক্রি করে দেয়। খবর পেয়ে শিবিরের কর্মীরা ছুটে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জানতে চাইলে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘শিবিরের কর্মীরা গাছ কেটে সড়কে ফেলে অবরোধ করেন। আমরা রাস্তার ওপর থেকে গাছগুলো সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করি।’ তবে গাছ নিয়ে বিক্রি করার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি এমরান হোসেন বলেন, শিবিরের নেতা-কর্মীরা কোনো গাছ কেটে সড়কে ফেলেননি। সাধারণ মানুষ এটি করেছে। আর সেই গাছ ছাত্রলীগের নেতা-কর্মীরা নিয়ে বিক্রি করেছেন।