গাছ কাটতে গিয়ে বিস্ফোরণে আহত ২ কাঠুরে
পাবনার সাঁথিয়া উপজেলার দেবোত্তর গ্রামে গাছ কাটতে গিয়ে মাটিতে বিস্ফোরণে দুই কাঠুরে আহত হয়েছেন। এঁরা হলেন, সাঁথিয়ার বোয়াইলমারী গ্রামের মোহাম্মদ আলী (৫৫) ও মজনু হোসেন (৪০)। তাঁরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের আব্দুস সাত্তার সম্প্রতি তাঁর বাড়ির পাশের বাগানের বেশ কিছু কাঠ ও ফলের গাছ বিক্রি করেছেন। বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক গাছগুলো কাটতে বাগানে যায়। এ সময় একটি গাছের গোড়া খুঁড়তে গেলে বিকট শব্দে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। এতে তাঁদের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে এগুলো ককটেল ধরনের বোমা ছিল। তিনি আরও বলেন, এলাকাটি চরমপন্থী অধ্যুষিত। ধারণা করা হচ্ছে তাদেরই কেউ গাছের নিচে বোমা দুটি পুঁতে রেখেছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সব্যসাচী মজুমদার বলেছেন, ‘প্রাথমিকভাবে দেখেছি ব্লাস্ট ইনজুরি। শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে। স্প্লিন্টার আছে বলে মনে হচ্ছে। এক্স-রে করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে।’